শাহবাগ মোড়ে দুই দফা সংঘর্ষ সাংসদসহ গ্রেপ্তার ৭
হরতাল চলাকালে গতকাল সকালে শাহবাগ মোড়ে সংঘর্ষে সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ ছাত্রদলের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন। পুলিশ ও ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে ছাত্রদলের কর্মীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে ঢুকে পড়লে সেখানে কর্মচারীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে শহীদ উদ্দীনসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুটি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি মামলা করেছে। শহীদ উদ্দীন চৌধুরী পুলিশি প্রহরায় চিকিৎসাধীন আছেন। রাতে স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শওকত আলী সংসদকে জানান, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সংসদকে অবহিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খানের নেতৃত্বে সকাল সাতটায় শাহবাগ মোড়ে জড়ো হন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। সোয়া সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রলীগের একটি মিছিল থেকে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জনের মতো আহত হন। পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়ার মুখে হরতাল সমর্থকেরা পার্শ্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে আশ্রয় নেয়। একই সময় ছাত্রদলের কিছু নেতা-কর্মী আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন। তাঁরা বাসটিতে ঢিল ছুড়লে যাত্রী হারুন খানের (৪০) মাথা ফেটে যায়। এদিকে হরতাল সমর্থকেরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের প্রবেশপথে অবস্থান নিলে তাদের সঙ্গে হাসপাতালের ডাক্তার ও কয়েকজন কর্মকর্তার কথাকাটাকাটি হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা হাসপাতালের কর্মচারীদের ওপর হামলা করেন। হাসপাতালের নিরাপত্তারক্ষী ও সরকার-সমর্থক কর্মকর্তা-কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে হরতাল সমর্থকদের ওপর পাল্টা হামলা চালান। এ সময় শহীদ উদ্দীন চৌধুরীসহ অন্তত ১০ জন আহত হন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের ভেতর থেকে পুলিশ ইডেন কলেজ ছাত্রদলের নেত্রী মুন্নি চৌধুরীসহ আটজনকে আটক করে। শহীদ উদ্দীন চৌধুরী ও ইডেন মহিলা কলেজের ছাত্রদলের নেত্রী পপিকে বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি করা হয়। বেলা একটার দিকে হাসপাতাল থেকে শহীদ উদ্দীনকে আটক করে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ভাঙচুরের মামলায় শহীদ উদ্দীন চৌধুরীকে আটক করা হয়েছে। তবে অসুস্থ হওয়ায় তাঁকে পুলিশের হেফাজতে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানা জানায়, বিশৃঙ্খলা সৃষ্টি করায় শাহবাগ ও বিএসএমএমইউ এলাকা থেকে ছাত্রদলের কর্মী আনোয়ার হোসেন, কামাল, শাহাদাৎ, সাহাবুদ্দীন, ও রাজুকে আটক করা হয়।বেলা ১২টার দিকে সড়ক ভবনের সামনে হরতাল সমর্থকেরা দু-তিনটি বাসের কাচ ভাঙচুর করে এবং একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে।