শাহবাগ মোড়ে বাস চাপায় নিহত ১
রাজধানীর শাহবাগ মোড়ে বাস চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
শাহবাগ মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ফিরোজের ভাষ্য, আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধ নারী মোড়ের পূর্ব দিকে (শিশু পার্ক সংলগ্ন) সড়ক পার হচ্ছিলেন। এসময় সিগন্যাল ছাড়া হলে ঢাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় (নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৪১০৩) তিনি পড়ে গিয়ে আহত হন। এ অবস্থায় চালক দ্রুত গাড়ি চালিয়ে পালাতে গিয়ে সড়কের পাশে দাঁড়ানো অজ্ঞাত এক পুরুষ পথচারীকে চাপা দিলে তিনিও গুরুতর আহত হন। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চাপা পড়ে আহত পুরুষ পথচারী মারা যান। তার লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
এদিকে, দ্রুত চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে একপর্যায়ে বাসটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালের মধ্যবর্তী স্থানে সড়ক বিভাজকের উপর উঠে যায়। তখন আশপাশের লোকজন এসে বাসচালক ও চালকের সহকারীকে গণধোলাই দেয়। পরে পুলিশ আহত অবস্থায় তাঁদের আটক করে হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বাস দুর্ঘটনায় নিহত হওয়া ও আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।