শাহবাগ সবার জন্য উষ্ণ না
চেতনায় প্রদীপ জ্বালানো তরুণদের সঙ্গে সংহতি জানাতে গতকাল বৃহস্পতিবারও শাহবাগে এসেছেন বিশিষ্টজনেরা। তবে সবাইকে তরুণেরা তাঁদের জাগরণ-যাত্রার সঙ্গী করতে চাননি। যেমন প্রতিবাদের মুখে গতকাল সভাস্থল ছাড়তে হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে।বিকেল সাড়ে পাঁচটার দিকে হানিফ আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে যান। এ সময় আন্দোলনকারী ‘না, না’ বলে চিৎকার করতে থাকেন। তার পরও হানিফ বক্তৃতা শুরু করলে ‘সমঝোতার রায় জনগণ মানে না’, ‘আপসের রায় মানি না’ স্লোগান শুরু হয়ে যায়। হানিফ হাত নেড়ে থামানোর চেষ্টা করেন। শুধু কাদের মোল্লা নয়, সব যুদ্ধাপরাধীকে ফাঁসি দিতে হবে বলে স্লোগান দিতে থাকেন তরুণেরা। কয়েকটি পানির বোতলও ছুটে আসে। একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে মঞ্চ ছাড়েন হানিফ।সকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে এলেও গুঞ্জন তোলেন তরুণেরা। তিনি তরুণদের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন। বিকেল পাঁচটার পর শাহবাগে যান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। তিনি মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের ব্যানারে প্রায় আধঘণ্টা সেখানে অবস্থান করেন। বিকেল সাড়ে তিনটার দিকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন সভাস্থলের পাশ দিয়ে গেলেও থামেননি। সকালে বিজ্ঞান ও তথ্যযোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সভামঞ্চে গিয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। এর আগে বুধবার রাতে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীও সভাস্থলে গিয়ে সংহতি প্রকাশ করেন।