শাহবাগে অবরোধ, উত্তাল দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে গতকাল দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একপর্যায়ে দাঁড়িয়ে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন তাঁরা l ছবি: সাজিদ হোসেন
সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে গতকাল দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একপর্যায়ে দাঁড়িয়ে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন তাঁরা l ছবি: সাজিদ হোসেন

সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকার শাহবাগসহ সারা দেশ। গতকাল মঙ্গলবারও অন্তত ১৯টি জেলার ২৮টি স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী সংগঠনের কর্মীরা বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধন-গণস্বাক্ষরসহ নানা কর্মসূচি পালন করেন।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, তনু হত্যার আট দিন পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার কোনো সূত্র উদ্ঘাটন করতে পারেনি। খুনিদের দ্রুত শনাক্ত করে বিচার করা এবং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান তাঁরা।
২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনুর লাশ পাওয়া যায়।
তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বেলা একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। তাঁরা তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৩ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট এবং বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। তবে ওই দিনের এইচএসসি পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

তনু হত্যাকাণ্ড
তনু হত্যাকাণ্ড

অবরোধের আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালেয় শিক্ষার্থীরা মিছিল বের করেন। তাঁরা শাহবাগ মোড় অবরোধ করতে মিছিল নিয়ে এগোলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে গিয়ে রাস্তায় বসে পড়েন তাঁরা। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে মিছিল নিয়ে এসে যোগ দেন ঢাকা কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
বেলা একটার দিকে একটি গাড়ি আন্দোলনকারীদের অবরোধ ঠেলে যেতে চাইলে তা আটকে দেন শিক্ষার্থীরা। এর একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিকুল ইসলাম ও মন্টু এবং এক পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ গাড়িটি পার করে দেয়। ওই সময় আরেকটি গাড়ি শাহবাগ মোড় দিয়ে যাওয়ার চেষ্টা করলে এর চালকের সঙ্গে কিছু শিক্ষার্থীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই গাড়িটির একটি কাচ ভেঙে দেন তাঁরা।
প্রতিবাদ কর্মসূচি পালন করেন বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও। তাঁরা গতকাল দুপুরে বাড্ডায় আফতাবনগর-সংলগ্ন প্রগতি সরণিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তখন ওই সড়কের এক পাশে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিক্ষোভ সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, কবি মুহাম্মদ সামাদসহ অনেকে অংশ নেন। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং সেখানে মানববন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠন কলরব। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে ছাত্র ইউনিয়ন।
ঢাকার বাইরে বিক্ষোভ: চট্টগ্রাম শহরে প্রেসক্লাব চত্বরে গতকাল বিকেলে ‘সকল প্রগতিশীল গণসংগঠনসমূহ, চট্টগ্রাম’ মানববন্ধন, সমাবেশ ও মশাল মিছিল করেছে। একই দিন থিয়েটার ইনস্টিটিউটের সামনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, সার্জ ফাউন্ডেশন ও অগ্রগ্রাহী নামে তিন সংগঠন ও প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ডিসি হিল এলাকায় আলোর পথে এগিয়ে চলো নামের একটি সংগঠন মিছিল করে। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।
বরিশাল শহরের অশ্বিনীকুমার হল চত্বরে গতকাল সকালে সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ জোট সমাবেশ ও মানববন্ধন করে। একই স্থানে মানববন্ধন করে স্বেচ্ছাসেবী সংগঠন জীবনের আলো। ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।
সিলেট শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। ‘আমরা তনুর ভাই-বোন’ ব্যানারে শিক্ষার্থীরা কিন ব্রিজ এলাকা থেকে মৌন মিছিল ও পথসভা করে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে ৩০টি সামাজিক সংগঠন।
খুলনার শিববাড়ী মোড়ে মানববন্ধন, কালো ব্যাজ ধারণ, গণস্বাক্ষর ও প্রতিবাদ সভায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বরগুনা প্রেসক্লাব চত্বরে সকালে মানববন্ধন ও সমাবেশ করেন বরগুনা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের কর্মীরাও অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সকালে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাঁরা তনু হত্যাকারীদের ফাঁসির দাবিতে নানা স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে ছাত্র ইউনিয়ন। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন তুলশীরাম বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শহরে একটি মিছিল বের করেন তাঁরা।
কুড়িগ্রামে শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে গণজাগরণ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা মহিলা পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে তাঁরা পৌর মুক্তমঞ্চের সামনে মানববন্ধন করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মানববন্ধন করে ময়মনসিংহের বৃহত্তর কুমিল্লা সমিতি।
মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন করেন মৌলভীবাজার সাইকেল গ্রুপের সদস্যরা। এর আগে তাঁরা মিছিল করেন।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন আইন বিভাগের শিক্ষার্থীরা।
পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধন করে ‘পিরোজপুরের সকল ছাত্র-ছাত্রী’। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া মঠবাড়িয়ায় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ।
গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সকালে মানববন্ধন ও সমাবেশ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এ ছাড়া নাটোর প্রেসক্লাবের সামনে ‘জেগে ওঠো’, গাইবান্ধা শহরে সরকারি কলেজের শিক্ষার্থীরা ও জেলা ছাত্র ইউনিয়ন, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, হাতিয়া, কোম্পানীগঞ্জ, সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, লক্ষ্মীপুরে বিকেলে প্রথম আলো বন্ধুসভা, মান্দারী হাইস্কুল অ্যান্ড স্টুডেন্টস ফোরাম, নিক্বন সাংস্কৃতিক সংসদ, অক্সিজেন ফোরাম ও মান্দারী লিপ্টন ক্লাব মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}