শাহবাগে আজ জাগ্রত জনতার অনশন
দেশে চলমান সহিংস রাজনৈতিক অবস্থার প্রতিবাদে আবারও অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে জাগ্রত জনতা নামের সংগঠনটি। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে জাগ্রত জনতার আহ্বায়ক চিকিৎসক জাকিয়া মুন বলেন, আজ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে শাহবাগের জাদুঘরের সামনে তাঁদের সংগঠন আমরণ অনশন করবে। দুই রাজনৈতিক দল সহিংসতা বন্ধে সমঝোতা না করা পর্যন্ত তাঁদের অহিংস আন্দোলন অব্যাহত থাকবে।
জাকিয়া আরও জানান, দেশের রাজনৈতিক দলগুলো মানুষের অভিভাবকের মতো। তারা সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সহিংস রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে দেশের সাধারণ মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। সংবাদ সম্মেলনে তিনি রাজনৈতিক দলগুলোকে সহিংস রাজনীতি থেকে বিরত থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।
গত ৩১ নভেম্বর শাহবাগে মানুষ পোড়ানোর পরে সংগঠনটি একটি অনশন ও মানববন্ধন কর্মসূচি দিয়েছিল।