শাহবাগে আবার সমবেত হয়েছে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের রায় সামনে রেখে গতকাল বুধবার আবারও শাহবাগে সমবেত হয়েছেন গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সমর্থকেরা।গতকাল বিকেল চারটা থেকে শুরু হওয়া ওই অবস্থান কর্মসূচি আজ বিকেল পর্যন্ত চলবে বলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানিয়েছেন। অবস্থান কর্মসূচিতে আগের মতোই স্লোগান, গণসংগীত ও আবৃত্তির মাধ্যমে একাত্তরের মানবতাবিরোধীদের শাস্তির দাবি তোলা হচ্ছে।আজ বৃহস্পতিবার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের সাত অভিযোগে অভিযুক্ত কামারুজ্জামানের মামলার রায় ঘোষণা করা হবে। এ ব্যাপারে ইমরান এইচ সরকার বলেন, ‘আগে থেকেই আমরা ঘোষণা করেছিলাম, রায় ঘোষণার আগের দিন থেকে আমরা প্রজন্ম চত্বরে অবস্থান করব। সেই পূর্বঘোষিত কর্মসূচি পালনেই আমরা শাহবাগে এসেছি।’ তিনি বলেন, প্রত্যাশিত রায় পেলে বিজয় মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা কাদের মোল্লার রায়ের পরই শুরু হয় শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন। আন্দোলনকারীরা কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন।