শাহবাগে আবারও মঞ্চস্থ হলো প্রতিবাদী নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের ওপর নির্যাতনের বিচারের দাবিতে সংক্ষুব্ধ নাগরিক সমাজের কর্মসূচিতে আবারও প্রতিবাদী নাটক মঞ্চস্থ হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ পথনাটক মঞ্চস্থ হয়।একই দাবিতে ও একই স্থানে গত ২৪ জুন (শুক্রবার) পথনাটক চলাকালে কয়েকজন যুবকের হামলায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ কারণে গত শুক্রবার সংক্ষুব্ধ নাগরিক সমাজ সেখানে প্রতিবাদী কর্মসূচি পালন করেনি। সেদিন ওই হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। ৩ জুন থেকে প্রতি শুক্রবার এ প্রতিবাদী কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল বিকেল সোয়া চারটায় প্রতিবাদী কর্মসূচি শুরু হয়। স্বাগত বক্তব্যের পর মঞ্চস্থ হয় পথনাটক একটি নন-ফিকশন। এরপর আবার বক্তব্যের পর মঞ্চস্থ হয় পথনাটক চক্রব্যূহ। প্রতিবাদী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ দুটি নাটক পরিবেশন করে জাহাঙ্গীরনগর থিয়েটার।একটি নন-ফিকশন পথনাটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে পঙ্গু হওয়া নিরীহ এক ব্যক্তির সুচিকিৎসা ও বিচার না পাওয়ার চিত্র তুলে ধরা হয়। চক্রব্যূহ পথনাটকের বিষয়বস্তু ছিল নির্যাতিত ব্যক্তির পিতার চিকিৎসার আশায় হাসপাতালে এবং বিচারের আশায় থানা, মন্ত্রীসহ বিভিন্ন স্থানে নিষ্ফল ছোটাছুটি। চক্রব্যূহ নাটকে নির্যাতিত ব্যক্তির চরিত্রের নাম ছিল লিমন। নাটকের পর পরিবেশিত হয় প্রতিবাদী গান।দুটি পথনাটকের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেন, দেশে এখন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। নিরীহ কলেজছাত্র লিমনকে কোনো কারণ ছাড়াই গুলি করে পঙ্গু করা হয়েছে। সবাই ঐক্যবদ্ধ না হলে লিমনের মতো লোকজন কখনো ন্যায়বিচার পাবে না।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত এক দশকে অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে খুন হয়েছেন। অনেকের লাশও পাওয়া যায়নি। কিন্তু এসব ঘটনার কোনোটিরই বিচার হয়নি।গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, লিমনের স্বপ্ন ছিল লেখাপড়া শিখে পরিবারের দুঃখ ঘোচাবে। কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস তার স্বপ্ন কেড়ে নিয়েছে।সমাবেশে সংক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়, লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতি শুক্রবার এ প্রতিবাদী কর্মসূচি চলবে।