
কেউ নাচছেন, কেউবা আনন্দে জড়িয়ে ধরছেন অন্যকে। সবার চোখে-মুখে উপচে পড়ছে উল্লাস।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টা এক মিনিটে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর শাহবাগের গণজাগরণ মঞ্চের চিত্র এটি। ফাঁসি কার্যকরের ঘোষণা মাইকে দেওয়ার পর পরই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উল্লাসে ফেটে পড়ে সমবেত জনতা। বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে স্লোগানে স্লোগানে গর্জে ওঠেন তাঁরা।
এর পরপরই শুরু হয় আনন্দ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড় ঘুরে শাহবাগে এসে আবারও উল্লাসে মেতে ওঠেন সবাই। পুরো এলাকায় তখন ছিল উৎসবমুখর পরিবেশ। ‘জয় হলো রে জয় হলো, তারুণ্যের জয় হলো’, ‘এইমাত্র খবর এল, কাদের মোল্লার ফাঁসি হলো’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘শিবির তুই দেখে যা, শাহবাগের ক্ষমতা’ এসব স্লোগানে ভেঙে যায় রাতের নিস্তব্ধতা।
ফাঁসি কার্যকরের প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘জাতি কলঙ্কমুক্ত হলো। বিশ্বকে দেখিয়ে দিল বাংলাদেশের মাটিতে স্বাধীনতাবিরোধীদের ঠাঁই নাই।’ তিনি বলেন, ‘শুধু কাদের মোল্লা নয়, আরও যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদেরও চূড়ান্ত রায় কার্যকর করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যেন ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে ঔদ্ধত্য প্রকাশ ও জাতীয় পতাকা নিয়ে ঘুরবে, তা আমরা দেখতে চাই না।’
এদিকে রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ান তাঁরা।
এর আগে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর দুপুর সোয়া ১২টায় আনন্দ মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি রূপসী বাংলার মোড় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা স্লোগান দেন: ‘রায় পেয়েছি ফাঁসি চাই, হাতে কোনো সময় নাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, কসাই কাদের ঝুলাই দে’।
এরপর বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ থেকে মশাল মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। মিছিলটি কারওয়ান বাজার মোড় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। আজ শুক্রবার বেলা তিনটায় শাহবাগে ছাত্র-জনতার সমাবেশের নতুন কর্মসূচির ঘোষণা দেন তিনি।
আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতেই গড়ে উঠেছিল গণজাগরণ মঞ্চ। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ হলে এ রায়ের বিরুদ্ধে বিক্ষুব্ধ তরুণেরা রাস্তায় নামেন। তাঁরা টানা অবস্থান নেন শাহবাগে।
পরে আইন সংশোধন করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি প্রসিকিউশনকে আপিলের সুযোগ দেওয়া হয়। এ প্রেক্ষাপটে সর্বোচ্চ আদালতে আপিলের রায়ে গত ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ড হয়। এর আড়াই মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে সরকারের পক্ষ থেকে গত মঙ্গলবার দণ্ড কার্যকরের ঘোষণা দেওয়া হয়। শেষ মুহূর্তে আসামিপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসি কার্যকরে স্থগিতাদেশ দেন। ওই দিনই আবারও শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থান করার ঘোষণা দেন তাঁরা।