শাহবাগে গণগ্রন্থাগারে নয় দিনব্যাপী বইমেলা

রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে শুরু হয়েছে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনস এর যৌথ উদ্যোগে বইমেলা। আজ শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘সবাই যে ভালো পাঠক হবেন, সবাই ভালো সমালোচক হবেন—তা নয়। কয়েক দিন আগে সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটিতে গিয়ে জানতে পারি, সেখানে পাঠ্যসূচিতে ২৬টি বই নম্বর দেওয়ার ভিত্তিতে পড়ানো হয়। শিক্ষার্থীদের বইমুখী করার এই উদ্যোগটাই বড় বিষয়। তেমনি এই বইমেলার উদ্যোগটাও গুরুত্বপূর্ণ।’
বেঙ্গল পাবলিকেশনস এর নির্বাহী পরিচালক আবুল হাসনাত বলেন, দীর্ঘদিন ধরে প্রথমা এখানে বইমেলা করছে। এবার বেঙ্গল পাবলিকেশনস এর সঙ্গে যুক্ত হলো। তিনি সবাইকে বই কিনে লাইব্রেরি গড়ার আহ্বান জানান।
সৈয়দ আবুল মকসুদের একটি বাণীর কথা স্মরণ করে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘আমরা বই কিনব সব সময় পড়ার জন্য নয়। কারণ, আমরা প্রচুর বই কিনি, সাজিয়ে রাখি। কিন্তু তার সবগুলো আমরা পড়ি না। তাই বলে বই কেনা ব্যর্থ হয়ে যাবে, তা নয়। কোনো না কোনো সময় বইটা কাজে লাগতে পারে।’
প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, লেখক-গবেষক মালেকা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, লেখক-গবেষক মহিউদ্দিন আহমেদ ও শিশু সাহিত্যিক আখতার হুসেন।
নারায়ণগঞ্জ থেকে মেয়েকে নিয়ে বইমেলার প্রথম দিনে আসেন গৃহিণী সৈয়দা শবনম রহমান। মেলা থেকে পাঁচটি বই কেনেন। তিনি বললেন, বই পড়ার মতো আনন্দ আর কিছুতেই নেই। যারা বই পড়ে তাঁরা পৃথিবীকে জানতে বুঝতে পারে, আনন্দে থাকে।
মেলায় প্রথমার বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ, বেঙ্গল পাবলিকেশনসের বইয়ে ২৫ থেকে ৫০ শতাংশ, দেশি অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ থেকে ৫০ শতাংশ এবং ভারতীয় বইয়ে এক রুপি সমান এক টাকা থেকে এক টাকা ৮০ পয়সা হিসাবে বিক্রি চলছে।
মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। তবে শুক্রবার মেলা বন্ধ থাকবে।