শাহবাগে গণজাগরণ: দুই দশকে সবচেয়ে বড় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে চলমান গণজাগরণ নিয়ে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সাময়িকী দি ইকোনমিস্ট। সাময়িকীটির সর্বশেষ সংখ্যায় (১৬ ফেব্রুয়ারি) ‘মাস ডিসস্যাটিসফ্যাকশন’ (গণ-অসন্তোষ) শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়, অন্তত দুই দশকের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় সমাবেশ হচ্ছে। রাজনীতিবিদ আবদুল কাদের মোল্লার প্রত্যাশিত বিচারের দাবিতে শাহবাগে প্রতিদিন লাখো বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে জড়ো হচ্ছেন। বিক্ষোভকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ভয়ংকর সব অপরাধ করা সত্ত্বেও কাদের মোল্লাকে শুধু যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।অনলাইন অ্যাকটিভিস্টদের ডাকে ৫ ফেব্রুয়ারি শাহবাগে এ বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলন থেকে দেশে একটি রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষার আভাস পাওয়া যাচ্ছে। আন্দোলনে জনসমাগম বাড়াতে টেলিভিশন চ্যানেলগুলোর বিক্ষোভের খবর প্রচারও সহায়ক ভূমিকা পালন করছে। ইকোনমিস্ট-এর প্রতিবেদনে ধারণা করা হয়, আজকের (গতকাল শুক্রবার) শাহবাগের সমাবেশে অন্তত পাঁচ লাখ মানুষ যোগ দিতে পারে। বিক্ষোভস্থলে তরুণ ও প্রগতিশীল ব্যক্তিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গান-স্লোগান-পথনাটকের মাধ্যমে তাঁরা মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন। তবে তাঁদের মধ্যে প্রায় কেউই বিচারের ত্রুটিগুলোর ব্যাপারে মনোযোগ দিচ্ছেন না। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং দেরিতে হলেও প্রধান বিরোধী দল বিএনপি এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ রাজনীতিবিদেরা শাহবাগে একাত্মতা প্রকাশ করতে গিয়েছিলেন। তবে জনতা তাঁদের কাউকে বক্তব্য দিতে দেয়নি। তার পরও আওয়ামী লীগ এখান থেকে শক্তি সঞ্চয় করতে পারে। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ১৭ ফেব্রুয়ারি সংসদের পরবর্তী কার্যদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী বিল পাস হবে বলে আশা করা হচ্ছে। যার মাধ্যমে বাদী ও বিবাদী উভয় পক্ষই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে। তাই কাদের মোল্লার স্বস্তি দীর্ঘায়িত না-ও হতে পারে। সব মিলিয়ে বর্তমান ঘটনাপ্রবাহ প্রধান বিরোধী দল বিএনপির জন্য বিব্রতকর। এ কারণেই শাহবাগের আন্দোলনে সংহতি জানাতে দলটি আট দিন সময় নেয়। এই দলটিকে আরও কিছু হারাতে হতে পারে, বিশেষ করে নির্বাচনী জোটের জন্য বৃহৎ শরিক জামায়াতে ইসলামীকে। জামায়াতের বেশির ভাগ শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। শাহবাগের বিক্ষোভকারীদের ভাষ্য, তাঁদের আন্দোলন ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে। জামায়াতকে নিষিদ্ধের দাবিও করছেন তাঁরা। তবে এই আন্দোলন জামায়াত-সমর্থিত ছাত্রসংগঠন শিবিরের তরুণ কর্মীদের সহিংসতায় কোনো প্রভাবই ফেলছে না। এ রকম আরও বড় আন্দোলনের মাধ্যমে অনেক রাজনৈতিক দাবিদাওয়াও উঠতে পারে। প্রতিবাদীরা আরও বড় আকারের পরিবর্তনের দাবি জানাতে পারেন। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনা ও খালেদা জিয়া এবং তাঁদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের তিক্ত রাজনৈতিক লড়াই বিদ্যমান, তা খুব কম মানুষই পছন্দ করে। এই দুই দলের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটলে শাহবাগের অনেকে হয়তো উল্লাসে মেতে উঠবেন।