শাহবাগে ডিজিটাল বিলবোর্ড চালুর পর বিপত্তি

রাজধানীর শাহবাগ মোড়ে স্থাপন করা ডিজিটাল বিলবোর্ডটি চালু করতে না-করতেই বিপত্তি দেখা দেয়। পথচারী ও যানবাহনচালকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিলবোর্ডের আলোতে চালক ও পথচারীরা মনোযোগ হারাচ্ছেন৷ এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে৷ এরপর সেটি বন্ধ করা হয়। ১১ মাস ধরে সেটি আর চালুই করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এখন সিদ্ধান্ত হয়েছে, আলোর তেজ কমিয়ে শাহবাগের সড়কদ্বীপে বসানো ডিজিটাল বিলবোর্ডটি উদ্বোধন করবে ডিএসসিসি৷ এতে নাকি গাড়িচালকদের আর কোনো সমস্যা হবে না৷ তবে ডিএসসিসির এমন কথায় আশ্বস্ত হতে পারছেন না অনেকেই৷ বিলবোর্ডটি স্থাপন করার পর বিজয় দিবস, স্বাধীনতা দিবসে চালু করা হয়েছিল৷ তখনই বিপত্তিটা দেখা দেয়। অভিযোগ করা হয়, কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা না করেই বিলবোর্ডটি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল।
সূত্র জানায়, গত জানুয়ারিতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করে বেসরকারি প্রতিষ্ঠান ডিজিটাল টেক লিমিটেড। বিলবোর্ডে ২৫০ বর্গফুট করে মোট ৭৫০ বর্গফুটের তিনটি আলাদা ডিজিটাল স্ক্রিন বসানো হয়। তাদের পরিকল্পনা ছিল, দিনের ৭০ ভাগ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করবে৷ বাকি ৩০ ভাগ সময় বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য তা ভাড়া দেবে৷ এর মাধ্যমে তারা টাকা তুলে নেবে৷ এ খাতে সিটি করপোরেশনের কোনো অর্থ ব্যয় হবে না বলে জানানো হয়। তবে যে জমিটিতে এটি বসানো হয়েছে, তার মালিকও ডিএসসিসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শফিকুল ইসলাম বলেন, শাহবাগ মোড় একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা৷ সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এই বিলবোর্ড চালু হলে এর আলো পথচারী ও চালকদের চোখে পড়বে৷ উভয়ই মনোযোগ হারাবেন৷ এতে এই এলাকায় আরও দুর্ঘটনা বাড়বে৷
সদরঘাট থেকে মিরপুর ১০ নম্বরে চলাচল করা বিহঙ্গ পরিবহনের চালক আফজাল হোসেন বলেন, অনেক চালকই বিলবোর্ডের বিজ্ঞাপন বা প্রদর্শনীর দিকে তাকিয়ে থাকেন৷ এতে মনোযোগ নষ্ট হয়৷ দুর্ঘটনার আশঙ্কা থাকে৷ সবার নিরাপত্তার কথা বিবেচনা করে তা বন্ধ রাখতে হবে৷
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, চারদলীয় জোট সরকারের আমলেও শাহবাগসহ কয়েকটি স্থানে ডিজিটাল বিলবোর্ড বসানো হয়েছিল। এতে এই স্থানগুলোতে দুর্ঘটনার হার বেড়ে যায়৷ পরে বোর্ডগুলো তুলে নেওয়া হয়। এখন নতুন করে তা চালু করা হলে আবার দুর্ঘটনা বাড়তে পারে৷
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বিশাল আকারের এই স্থাপনার ওপরে বসানো হয়েছে তিনটি আলাদা এলইডি স্ক্রিন, তা বন্ধ রয়েছে। স্থাপনার ভেতর প্রবেশের ফটকে তালা লাগানো। চারপাশে বিভিন্ন নকশার মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। কিন্তু ধুলাবালুতে সবকিছু ঢেকে গেছে। এসব কেউ পরিষ্কারও করেন না। এতে করে পড়ে থাকা সরঞ্জাম পথচারীদের বিরক্তির কারণ হয়ে উঠেছে।
জানতে চাইলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ডিজিটাল বিলবোর্ড থেকে বিচ্ছুরিত আলো পথচারী ও গাড়িচালকদের বিরক্তির কারণ হবে কি না, তা পরীক্ষার পরই অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিজিটাল বিলবোর্ডের কোনো বিকল্প নেই।