শাহবাগে দগ্ধদের উন্নত চিকিৎসায় বোর্ড গঠন

রাজধানীর শাহবাগে যাত্রীভর্তি চলন্ত বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ লোকজনের উন্নত চিকিত্সার জন্য ১১ সদস্যের বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল আজ শনিবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
পার্থ শঙ্কর পাল বলেন, আজ সকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানদের সমন্বয়ে এ বোর্ড গঠন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট রোগীদের দেখে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দিয়েছেন।
গত বৃহস্পতিবার বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পুরান ঢাকার সদরঘাট থেকে মিরপুরে যাচ্ছিল। সন্ধ্যায় বাসটি শাহবাগে শিশুপার্কের সামনে পৌঁছলে বাইরে থেকে পেট্রলবোমা ছোড়া হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয় ১৯ যাত্রী। দগ্ধ লোকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁদের একজন ওই দিন রাতেই প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে গেছেন। দুজন মারা গেছেন।
চিকিত্সাধীন বাকি ১৬ জনের মধ্যে ১৪ জনেরই মাথা, মুখ, গলাসহ শরীরের ওপরের অংশ পুড়ে গেছে। তাদের মধ্যে চারজন নারী। এদের সবার জীবন রক্ষার যুদ্ধ চলছে বার্ন ইউনিটে। চিকিত্সকেরা জানিয়েছেন, দুজন ছাড়া সবারই শ্বাসনালি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়া খুবই শঙ্কার বিষয়।