অনিয়ন্ত্রিত বাস চলাচল, যত্রযত্র বাস থামানো, ফুটপাত দখল আর ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সের কারণে শাহবাগ দুর্ভোগের এলাকায় পরিণত হয়েছে। দুর্ভোগের সবচেয়ে বড় শিকার রোগী আর রোগীর স্বজনেরা।
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা শাহবাগে রাস্তার একপাশে বারডেম হাসপাতাল অন্য পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। দেশের এই প্রধান দুটি হাসপাতালে প্রতিদিন গড়ে সাত হাজার রোগী আসেন। তাঁদের সঙ্গে থাকেন স্বজনেরা। চিকিৎসা নিতে ও রাস্তা পারাপারে এঁদের প্রতিদিনই নাজেহাল হতে হয়। পুরাতন এই সমস্যা সমাধনে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ে না।
গত বৃহস্পতিবার সকালে বারডেম হাসপাতালের সামনে কথা হয় মোহাম্মদপুরের মমতাজ আরার সঙ্গে। মাসে তিন দিন ডায়াবেটিস পরীক্ষা করাতে এই হাসপাতালে আসেন। সঙ্গে ছিলেন তাঁর ছেলে মো. হান্নান। মা অসুস্থ বোধ করায় বাসায় ফেরার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা করছিলেন হান্নান। পাঁচটা অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে দর-কষাকষি করেও ভাড়া করতে পারেননি। শাহবাগ থেকে মোহাম্মদপুর যেতে ছয় হাজার টাকা ভাড়া চাচ্ছিলেন চালকেরা।
পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক রোগীর স্বজন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, এই অ্যাম্বুলেন্সের জন্য হাসপাতালে ঢুকতে ও বের হতেই সময় শেষ হয়ে যায়। গেটে দাঁড়ানো যায় না, মানুষের ধাক্কাধাকিতে হাঁটাও যায় না।
একাধিক রোগী অভিযোগ করেন, হাসপাতালের নিরাপত্তা-কর্মীদের সঙ্গে অ্যাম্বুলেন্স চালকদের যোগসাজশ আছে। আ্যম্বুলেন্স চালকেরা নিরাপত্তাকর্মীদের টাকা দেন বলে অভিযোগ করেন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগী মো. ইয়াকুব আলী।
বারডেম হাসপাতালের সামনের ফুটপাত পুরোটাই দোকানিদের দখলে। রোগী ও তাঁদের সঙ্গে আসা লোকজনের ব্যস্ত রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হয়। দোকানিরা বলেছেন, চাঁদা দিয়ে তাঁরা দোকান বসিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন দোকানি বললেন, রমজান মিয়া নামের এক ব্যক্তি তাঁদের কাছ থেকে চাঁদা নেন।
এমন অনেক অভিযোগের উত্তর নেই প্রশাসনের কাছে। বারডেম হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনকে ছয়বার চিঠি দিয়ে অনুরোধ করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার উদ্যোগে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে সার্বক্ষণিকভাবে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়।’
একটি ফুটওভারব্রিজ বারডেম আর বিএসএমএমইউকে যুক্ত করেছে। ফুটওভারব্রিজের সিঁড়ি থেকে শুরু করে ওপরের পুরো জায়গায় ছোট ছোট দোকান। বাবার হাত কাঁধে নিয়ে ফুটওভারব্রিজ পার হচ্ছিলেন মো. রেজাউল হক। বাবার কোমরে ব্যথা, চোখেও দেখেন না ঠিকমতো। বাবাকে নিয়ে হাঁটতে হাঁটতে তিনি বিরক্তি প্রকাশ করলেন।
একই চিত্র বিএসএমএমইউয়ের সামনেও। সরকারি গণপরিবহন বিআরটিসির বাসস্ট্যান্ডও হাসপাতালের দেয়াল ঘেঁষে। এ ছাড়া অনান্য গণপরিবহন তো আছেই। প্রতিদিন শত শত বাস রাস্তার দুই পাশের এই হাসপাতালের সামনে থামছে। এদের ওপর ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ নেই।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শাহবাগ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল হলেও এখানে আনুষ্ঠানিক বাসস্ট্যান্ড নেই। এখানে বাস থামার (বাস বে) আলাদা কোনো জায়গা নেই। চালকেরা যেখানে সুযোগ পান বাস দাঁড় করান। সূত্র বলে, শাহবাগকে আনুষ্ঠানিক বাসস্ট্যান্ড করে পরিকল্পিতভাবে ‘বাস বে’ তৈরি করতে হবে। একই সঙ্গে হাসপাতাল দুটিকে গুরুত্ব দিয়ে শাহবাগ মোড়ে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে।