রাজধানীর শাহবাগ চত্বরে আবারও অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার রায় গতকাল মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে কার্যকর হবে—এ খবর প্রকাশের পর রাত আটটার দিকে মঞ্চের নেতা-কর্মী ও সমর্থকেরা অবস্থান নিতে শুরু করেন।
১০ মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ঘোষণা করার পর এতে ক্ষুব্ধ হয়ে শাহবাগে প্রথম দফা অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। পরে এ মঞ্চের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। গতকাল রাতে আবার অবস্থান নেওয়ার পর সাড়ে ১০টার দিকে কাদের মোল্লার ফাঁসির দণ্ড স্থগিত করার খবর আসে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সমবেত হওয়া লোকজন।
এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। রাতের অন্ধকারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে।’
ইমরান এইচ সরকারের এ বক্তব্যের পরপরই মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ চত্বর প্রদক্ষিণ করে আবার অবস্থান গ্রহণ করে। রাত সাড়ে ১২টার দিকে দুই শ থেকে আড়াই শ লোক সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এর আগে গণজাগরণ মঞ্চে ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ কয়েকটি প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা মিছিলসহকারে যোগ দেন।
এদিকে রাত ১১টার দিকে জাতীয় জাদুঘরের পাশে কাঁটাবন অভিমুখী সড়কে কেউ একজন একটি ককটেল নিক্ষেপ করে। তবে তা বিস্ফোরিত হয়নি। এ সময় কাঁটাবন এলাকায় ছাত্রশিবিরের কর্মীরা অবস্থান নিয়েছেন, এমন খবর ছড়ালে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। মঞ্চ থেকে কেউ কেউ লাঠিসোঁটা নিয়ে কাঁটাবনের দিকে এগোনোর চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।