শাহবাগে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উজ্জ্বল হোসেন (২৬) ও সোহেল চান (২৮)। উজ্জ্বল ৭০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। সোহেল চান ছাত্রদলের কর্মী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে শান্তিনগর ও বংশাল এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তাঁরা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে বাসে পেট্রলবোমা হামলার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ২ ডিসেম্বর সাব্বির নামের একজনকে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শাহবাগে বাসে আগুন দেওয়ার ওই ঘটনায় ১৯ জন দগ্ধ হন। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত তিনজন মারা গেছেন।