শাহবাগে বিএনপি জামায়াতের 'তাণ্ডবের' ব্যঙ্গচিত্র প্রদর্শনী
ঈদের পর বিএনপি-জামায়াতের আন্দোলনের হুমকির মুখে ‘তাদের অতীত ভূমিকা’ মানুষকে মনে করিয়ে দিতে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গণজাগরণ মঞ্চের ইমরানবিরোধী পক্ষ।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল সোমবার ‘ফিরে দেখা জামায়াত-বিএনপির তাণ্ডব’ শীর্ষক চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এখানে জামায়াত-শিবির ও বিএনপির হরতাল-অবরোধে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলাসহ ৫০টির বেশি ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়। গণজাগরণ মঞ্চের কর্মীরাই এগুলো এঁকেছে বলে আয়োজকেরা জানান।
প্রদর্শনীর উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিগত দিনে যারা সন্ত্রাস, অগ্নিসংযোগ করে সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলনের নামে তাণ্ডব চালিয়েছে, তা এ দেশের জনগণ কখনোই ভুলবে না। বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে।
প্রজন্ম ’৭১-এর সভাপতি সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, ঈদের পর বিএনপি-জামায়াত দেশে এবারও হরতাল-অবরোধের হুমকি দিচ্ছে। গণজাগরণ মঞ্চের এই ব্যঙ্গচিত্রগুলো জনগণকে বিগত দিনের কথা মনে করিয়ে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন কামাল পাশা চৌধুরী, এফ এম শাহীন, হাবিবুল্লাহ মিসবাহ, মেহেদী হাসান প্রমুখ।