শাহবাগে ভিনদেশিরা
বৌদ্ধধর্মীয় ঐতিহ্যবাহী নিদর্শনগুলো দেখার জন্য গত শনিবার জাপান থকে বাংলাদেশে এসেছেন রিওয়া নিশিমুরা (২২)। উঠেছেন গুলিস্তান এলাকার একটি হোটেলে। এই প্রথম বাংলাদেশ সফর তাঁর। হোটেলে বসেই জানতে পারেন শাহবাগকেন্দ্রিক আন্দোলনের খবর। তারপর তিন দিন ধরে শাহবাগে আসেন জাপানের মায়ই বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের এই ছাত্র। দিনের বেশ খানিকটা সময় কাটান হাজার হাজার মানুষের এই মিলনমেলায়। ছবি তোলেন ইচ্ছেমতো।প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে রিওয়া বলেন, বাংলাদেশে আসার আগে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুটা জেনেছেন। তবে, যুদ্ধাপরাধীদের ভূমিকা সম্পর্কে বিশেষ ধারণা ছিল না। তাঁর সবচেয়ে ভালো লেগেছে, তাঁর বয়সী ছেলেমেয়েরাই এত বড় একটা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন দেখে। রিওয়া জানান, শাহবাগে তিনি এতটাই মজেছেন যে ঢাকার বাইরে যাওয়ার কর্মসূচিও স্থগিত করেছেন।হাতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি-সংবলিত লেখা ও আলপনা এঁকে ঘুরে বেড়াচ্ছিলেন নেপালি বাবা ও জাপানি মায়ের সন্তান আঞ্জু পানটা। প্রজন্ম চত্বরের চিত্রশিল্পীরা তাঁর আগ্রহে ওগুলো তাঁর হাতে লিখে ও এঁকে দিয়েছেন বলে জানান আঞ্জু। পড়াশোনা করেন জাপানের কিয়োটোর ডসিসা বিশ্ববিদ্যালয়ে, উন্নয়ন গবেষণা বিষয়ে। এই নিয়ে তৃতীয়বার বাংলাদশে এসেছেন। এ দেশের মধু নিয়ে একটি গবেষণার কাজ করছেন তিনি। কয়েকটি বাংলা শব্দ জানেন। এর মধ্যে নতুন শিখেছেন ‘তুই রাজাকার’। শব্দ দুটির অর্থও জানেন বলে জানালেন তিনি। তাই রাজাকার, যুদ্ধাপরাধীদের কঠোর শাস্তি চান তিনিও। শাহবাগে আন্দোলনরতদের ছবি তুলছিলেন ব্রিটিশ সরকারের চাকুরে ক্রিস হার্ভে। প্রথম আলোর সঙ্গে কথায় কথায় জানালেন, বাংলাদেশকে চিনেছেন ১৯৭১ সালে। বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের গভীর অনুরাগী ও ভক্ত ছিলেন। তাই জর্জ হ্যারিসন যখন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করলেন, সেই খবর আর গান শুনে প্রথম চিনলেন বাংলাদেশকে। এ দেশের রাজনীতিরও অনেক খবর ক্রিসের জানা। এর কিছু উল্লেখ করে মন্তব্য করলেন, যারা গণহত্যা করেছে, তাদের কোনো ক্ষমা নেই। সাম্প্রদায়িকতার বীজ নির্মূল করার জন্য ধর্মকে রাজনীতি থেকে আলাদা করাও জরুরি বলে মনে করেন তিনি। লন্ডনেও যে বাংলাদেশের কয়েকজন যুদ্ধাপরাধী অবস্থান করছেন, এ খবরও অজানা নয় ক্রিসের। ছবি তোলার অনুরোধ জানাতেই রাজি হয়ে গেলেন তিনি। পাশেই দাঁড়ানো বিক্রেতার কাছ থেকে নিয়ে নিলেন বাংলাদেশের পতাকা। মুষ্টিবদ্ধ হাত তুলে দাঁড়ালেন। নিজেই বলে উঠলেন, ‘জয় বাংলা’। শাহবাগে এই শব্দগুচ্ছ এখন মুহুর্মুহু শোনা যায়।এ রকম অনেক বিদেশিকেই এখন শাহবাগের আন্দোলনস্থলে প্রতিদিন দেখা যায়। লাল-সবুজ রঙের জামা-গেঞ্জিও থাকে তাঁদের কারও কারও গায়ে। কেউ বা মাথায় পরে নেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবি-সংবলিত ব্যান্ড।