শাহবাগে যানবাহন অবস্থান ও দখল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বারডেম হাসপাতালের সামনে কোনো ধরনের যানবাহনের অবস্থান, হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাতে দোকান, অবৈধ স্থাপনা বা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
একই সঙ্গে হাসপাতাল দুটির ফটকের সামনে রাস্তার ওপর সরকাির-বেসরকারি কোনো অ্যাম্বুলেন্স বা যেকোনো ধরনের যানবাহন অবস্থান করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
গত রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ দেন। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে উপপুলিশ কমিশনার রমনা জোন (অপরাধ এবং ট্রাফিক উভয় বিভাগ), রমনা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বাদীর করা মামলা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বারডেম হাসপাতাল ও শাহবাগ থানার পুলিশের আদালতে দাখিল করা জবাব পর্যালোচনা করে এ আদেশ দেওয়া হয়।
‘ট্রাফিক অব্যবস্থাপনা আর ফুটপাত দখল, শাহবাগে দুর্ভোগে রোগীরা’ শিরোনামে গত ১৯ জুলাই প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। পরে ২১ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এসব এলাকায় যেকোনো ধরনের যানবাহন, সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্স অবস্থান ও ফুটপাত দখল বন্ধে পাঁচ নির্দেশনা চেয়ে আদালতে আবেদনটি করেন।
ওই দিন আদালত আবেদনটি আমলে নিয়ে কেন নির্দেশনা বাস্তবায়ন করা হবে না, এ বিষয়ে কারণ দর্শাতে বলেন। এর পরিপ্রেক্ষিতে অপর পক্ষ ব্যাখ্যা দাখিল করে। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
এ ছাড়া আদেশে বিএসএমএমইউ ও বারডেম জেনারেল হাসপাতালের নিজস্ব স্থানে সব্যবস্থাপনায় রোগী পরিবহনে নিয়োজিত যানবাহন রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে প্রতিষ্ঠান দুটির পরিচালককে (প্রশাসন) নির্দেশ দেওয়া হয়েছে।