শাহবাগে যানবাহনের অবস্থান বন্ধে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে যানবাহনের অবস্থান ও ফুটপাত দখল বন্ধে পাঁচ দফা নির্দেশনা চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জনস্বার্থে আবেদন করা হয়েছে৷ আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার গতকাল সোমবার ফৌজদারি কার্যবিধির ২৫ ধারায় ওই আবেদন করেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা আবেদনটি গ্রহণ করেন এবং শুনানি শেষে আদেশ দেন৷ আদেশে বলা হয়েছে, আবেদনের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না, বিএসএমএমইউর পরিচালক (প্রশাসন), বারডেম হাসপাতালের পরিচালক (প্রশাসন), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, রমনা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে ২৪ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে৷
লিখিত আবেদনে যে পাঁচটি নির্দেশনা চাওয়া হয়েছে, তা হলো:øবিএসএমএমইউ ও বারডেম হাসপাতালের সামনে কোনো ধরনের পরিবহন দাঁড়িয়ে না থাকা; দুটি হাসপাতালের রাস্তা ও ফুটপাতে কোনো ধরনের দোকান বসতে না পারা; হাসপাতালের মূল ফটকের সামনে বেসরকারি-সরকারি অ্যাম্বুলেন্স না রাখা; হাসপাতালের নিজস্ব জায়গায় রোগীর গাড়ি রাখার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা; ডিএনসিসি দক্ষিণ এবং শাহবাগ ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হাসপাতাল দুটির ফুটপাতে অবস্থিত দোকান, ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া৷
১৯ জুলাই প্রথম আলোর মহানগর পাতায় ‘শাহবাগে দুর্ভোগে রোগীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, অনিয়ন্ত্রিত বাস চলাচল, যত্রতত্র বাস থামানো, ফুটপাত দখল আর ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সের কারণে শাহবাগ দুর্ভোগের এলাকায় পরিণত হয়েছে। দুর্ভোগের সবচেয়ে বড় শিকার রোগী আর রোগীর স্বজনেরা।