শাহবাগে রাত নামে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটা বলছে, রাত একটা ৪৫ মিনিট। তবে রাজধানীর শাহবাগ চত্বরে গিয়ে মনে হলো, কোনো উৎসবমুখর দিনে তখন সবে সন্ধ্যা নেমেছে। চারদিক থেকে ভেসে আসছিল আওয়াজ, অবিরাম স্লোগান। কোথাও শব্দযন্ত্রের সাহায্যে বাজানো হচ্ছিল অধিকার-জাগানিয়া গান, কোথাও বড় পর্দায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখানোর আয়োজন। এ এক অন্য শাহবাগ, যেখানে রাত নামে না।মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে অবিরাম অবস্থান করছেন অগণিত মানুষ। দিনে যেমন তাঁদের স্বতঃস্ফূর্ত অবস্থান থাকে প্রতিবাদের এই মঞ্চে, তেমনি থাকে রাতেও। সারা রাত জেগে নিজের ভাষায় প্রতিবাদ জানান তাঁরা। এখানেই তাঁদের ঘুম, নাওয়া-খাওয়া। তাঁরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। বিশ্ববিদ্যালয়পড়ুয়া জিয়াদ তাঁবু টানিয়ে কয়েক দিন ধরেই অবস্থান করছেন আন্দোলনস্থলে। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় না হওয়া পর্যন্ত তিনি এখানেই থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।রাত আড়াইটার দিকে চারুকলা অনুষদের সামনে স্লোগান দিচ্ছিলেন জনা বিশেক লোক। মাঝেমধ্যে সমবেত স্বরে গেয়ে উঠছিলেন দেশাত্মবোধক গান। কিছুক্ষণের মধ্যেই তাঁদের ঘিরে দাঁড়িয়ে পড়েন আরও অনেকেই। সেখানে কথা হয় আইনজীবী মিছিল বঙ্গবাসীর সঙ্গে। তিনি বলেন, আন্দোলন শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই বন্ধুরা মিলে এখানে আসেন। সারা রাত গান আর স্লোগানে দাবি জানান মানবতাবিরোধীদের ফাঁসির।ওই জটলার পাশেই ফাঁসির দড়ি পরানো ‘আলশামস, রাজাকার, আলবদর’ লেখা তিনটি ব্যানার ঘিরে বসে ছিলেন সাত-আটজন তরুণ আইনজীবী। ঢোল, তবলা আর ঝুনঝুনির তালে তালে স্লোগান দিচ্ছিলেন একনাগাড়ে। তাঁদের একজন মানবেন্দ্র রায় বলেন, রাতে আন্দোলনকারীদের সংখ্যা কমে যায়। তাই দিনের কাজ শেষে বন্ধুরা মিলে একসঙ্গে চলে আসেন তাঁরা। মধ্যরাত অবধি প্রতিবাদ শেষে আবার ফিরে যান। আন্দোলনের প্রথম দিন থেকে এমন করেই চলছে তাঁদের অংশগ্রহণ। রাত ১২টার পর থেকেই আন্দোলনকারীদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে খাবার আসতে শুরু করে। সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন। কোনো হুড়োহুড়ি বা হই-হল্লা নেই।রাতের প্রতিবাদে যুক্ত হয় মোমবাতি আর ফুল। ফুল দিয়ে শহীদ মিনার, স্মৃতিসৌধ কিংবা স্লোগান লিখে তার চারপাশে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। এখানে পরিচিত-অপরিচিত বলে কোনো কথা নেই। দু-চারজন মিলে স্লোগান ধরলেই জড়ো হয়ে যান আরও অনেকে। এরপর শুরু হয় সমস্বরে স্লোগান। রাতের নীরবতা ভাঙে ‘জয় বাংলা’, ‘বুকের ভেতর জ্বলছে আগুন, সারা বাংলায় ছড়িয়ে দাও’, ‘তোমার-আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা’, ‘তোমার আমার ঠিকানা, শাহবাগের মোহনা’সহ নানা স্লোগানে। সঙ্গে সঙ্গে গিটার, ঢোল, তবলা আর ঝুনঝুনির শব্দে তৈরি হয় এক মনোহরী প্রতিবাদী পরিবেশ।রাত দুইটার পর থেকে আন্দোলনস্থলের জমায়েত কমতে শুরু করে। কিন্তু ভোরের আলো ফোটার আগেই আবারও আসতে শুরু করে জনতা।