শাহবাগ থেকে ‘কোটি টাকার’ মদ জব্দ, পিককের মালিককে ডেকেছে র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদ
ফাইল ছবি

রাজধানীর শাহবাগ এলাকার হোটেল পিকক লিমিটেড–সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে বিপুল পরিমাণ দেশি–বিদেশি মদ জব্দ করেছে র‍্যাব। এসব মদের আনুমানিক মূল্য কোটি টাকার বেশি বলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছেন।

মঙ্গলবার রাতের এই অভিযানে তিনজনকে আটক করা হয়েছে বলে র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, নির্মাণাধীন ওই ভবনের ভেতর থেকে ৭০০ বোতল বিদেশি মদ, ২ হাজার ৫০০ বোতল দেশি বিয়ার এবং ১ হাজার ৫০০ বোতল বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, ‘পিকক বারের ভেতরে কী পরিমাণ মালামাল রয়েছে, সে বিষয়ে জানতে বারের মালিককে ডেকেছি। জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।’

মধ্যরাতে তিনি জানান, এ অভিযান চলমান। বারের ভেতর যেসব মদ রয়েছে, সেগুলো তালাবন্ধ অবস্থায় রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং র‍্যাবের আভিযানিক দল বারের কাগজপত্র যাচাই করে দেখবে।