শাহবাগে শিক্ষার্থীদের আবার অবরোধ, নাসিরনগর অভিমুখে লংমার্চ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলাসহ সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আগামী শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে নাসিরনগর অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার শাহবাগে দুই ঘণ্টার অবরোধ শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকটি সংগঠন এ ঘোষণা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ, মাইনরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে কয়েক শ শিক্ষার্থী বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান ও অবরোধ করেন। ব্যস্ততম এই মোড়ের চারদিকের রাস্তা আটকে তাঁরা মানববন্ধনের মতো দাঁড়ান। এ সময় এই মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক বাস-মিনিবাস নির্ধারিত পথে যেতে না পেরে হোটেল রূপসী বাংলা মোড়, কাকরাইল মসজিদ মোড়, কাঁটাবন, নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করেছে।
গত শুক্রবার একই দাবিতে প্রায় সাড়ে ছয় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। ওই দিন তাঁরা সরকারকে নাসিরনগরের ঘটনার বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা নিতে তিন দিনের সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় গতকাল আবার তাঁরা শাহবাগ অবরোধ করেন। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে শাহবাগে যান।