শিক্ষার্থীদের মিছিলে জলকামান-কাঁদানে গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই শাহবাগে পুলিশ ছিল। দুপুর একটার দিকে তারা গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে এসে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল শাহবাগমুখী হওয়ার খবরে তারা ঠেকানোর প্রস্তুতি নেয়। মিছিলটি তখন কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ফিরে গেলেও ঘণ্টা দুয়েক পরেই পুলিশ তাদের ধাওয়া দেয়।

নিরাপদ সড়কের দাবিতে গত এক সপ্তাহ ধরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। পরে তাদের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। গত শনিবার দুপুরে জিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। সে সংঘর্ষের প্রতিবাদে গতকাল রোববার কয়েক হাজার শিক্ষার্থী শাহবাগ থেকে মিছিল নিয়ে জিগাতলায় এসে আবার ফিরে যাওয়ার কর্মসূচি নেয়। কিন্তু জিগাতলায় এলে পুলিশ ও ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। এতে সাংবাদিকসহ প্রায় অনেকেই আহত হন।

শাহবাগ মোড়ে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিপেটা করে ও জলকামান ব্যবহার করে। ছবি: দীপু মালাকার
শাহবাগ মোড়ে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিপেটা করে ও জলকামান ব্যবহার করে। ছবি: দীপু মালাকার

তবে আজ সোমবার জিগাতলা শান্ত ছিল। অন্যান্য দিনের মতো যান চলাচল ছিল স্বাভাবিক। সেখানে পুলিশও ছিল। গতকালের হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে জমায়েত হয়। এ সময় ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া চলে। এ ছাড়া পুলিশ সন্দেহভাজন কাউকে দেখলেই আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৩০০-৪০০ শিক্ষার্থী একটি মিছিল নিয়ে এগোতে থাকলে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জলকামান দিয়ে পানি ছোড়ে। পরে লাঠিপেটা শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করতে দেখা গেছে।

শাহবাগ মোড়ে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিপেটা করে ও জলকামান ব্যবহার করে। ছবি: দীপু মালাকার
শাহবাগ মোড়ে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিপেটা করে ও জলকামান ব্যবহার করে। ছবি: দীপু মালাকার

পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা পিছু হটলেও কয়েক দফা পুলিশ তাঁদের ধাওয়া দেয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দিকে সরে যায়।

বিকেল পৌনে চারটার পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে আমরা ছিলাম। কিছু লোক বিশ্ববিদ্যালয় থেকে এসে শাহবাগ মোড় অবরোধ করতে চাচ্ছে। গত কয়েক দিনে আমরা কোনো অবস্থান নিইনি। অনেক ধৈর্য ধরে ছিলাম। আজকে থেকে চেষ্টা করছি শাহবাগ মোড় ফ্রি রাখার।’

শাহবাগ মোড়ে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিপেটা করে ও জলকামান ব্যবহার করে। ছবি: দীপু মালাকার
শাহবাগ মোড়ে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিপেটা করে ও জলকামান ব্যবহার করে। ছবি: দীপু মালাকার

মারুফ হোসেন সরদার আরও বলেন, ‘পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ে। তখন পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।’ এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে তিনি জানান।

কতজনকে আটক করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু বলতে পারেননি মারুফ হোসেন। তিনি বলেন, পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় ছিল। ভিন্ন ভিন্ন জায়গায় আটক করা হয়েছে। তারা এ ব্যাপারে পরে বিস্তারিত বলতে পারবেন।