শাহবাগে শুরু হলো আট দিনের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শুরু হয়েছে আট দিনব্যাপী বইমেলা। গণগ্রন্থাগারে দ্বিতীয় তলার সেমিনার কক্ষে এই বইমেলা চলবে ৯ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার মেলা বন্ধ থাকবে।

প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় এ বইমেলা শুরু হয়।

মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন বলেন, ‘বই কেনা ও পড়া এখনো আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এর অর্থ হচ্ছে এই সমাজ এখনো জীবন্ত এবং জ্ঞান আহরণে নিমগ্ন।’ এ কথার সঙ্গে একমত পোষণ করে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘বই কিনলে সেটা বৃথা যাবে না। আমরা খুব বলি তরুণ প্রজন্ম বই পড়ে না। কিন্তু যখন বইমেলায় যাই, তখন দেখা যায়, প্রবীণদের চেয়ে বই কেনা ও বই বিক্রি করে তরুণেরাই বেশি। এটাও আমাদের জন্য আশার ঘটনা।’

আনিসুল হক বলেন, দেশে প্রায় ১০ কোটির বেশি মানুষ মুঠোফোন ব্যবহার করেন। এঁরা যদি প্রতি মাসে ২০০ থেকে ৩০০ টাকা ফোনবিল দিতে পারেন, তো বছরে একটা বইও কিনতে পারবেন।

লেখক মহিউদ্দিন আহমেদ বেশি বেশি বই কিনে পড়তে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইলিশ মাছ সবার প্রিয়। তবে একটা ছোটখাটো ইলিশের দাম এক হাজার টাকা। এই টাকায় দু–তিনটি বই কেনা সম্ভব। ইলিশ খেলেই কিন্তু শেষ। কিন্তু বই কিনলে তা থেকে যাবে। একটা হচ্ছে দেহের খাবার, আরেকটা মনের খাবার।
মেলা শুরুর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ। এতে উপস্থিত ছিলেন ভ্রমণকাহিনি লেখক ক্যাপ্টেন শামস উজ জামান।
মেলায় প্রথমার বই ৩০ থেকে ৬০ শতাংশ ছাড়ে, বেঙ্গল পাবলিকেশনসের বই ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে, দেশি অন্যান্য প্রকাশনীর বই ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে এবং ভারতীয় বই ১ রুপি সমান ১ টাকা থেকে ১ টাকা ৮০ পয়সা হিসাবে বিক্রি চলছে।