শাহবাগের আন্দোলন ’৭১-এর চেতনা উজ্জীবিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগরতলা মামলার অভিযুক্ত ব্যক্তিদের ৪৪তম মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শাহবাগ চত্বরকে ঘিরে নতুন প্রজন্মের আন্দোলন দেশবাসীকে একাত্তরের চেতনায় উজ্জীবিত করেছে। এই চেতনা জাগরূক রাখতে অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসের বিজয়কেতন জাদুঘরে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এই আহ্বান জানানো হয়। ১৯৬৯ সালে এই জাদুঘরস্থলেই আগরতলা মামলার আদালত ছিল। ঐতিহাসিক আগরতলা মামলা মূল্যায়ন পরিষদ আয়োজিত আলোচনা সভায় ওই মামলায় জীবিত ১০ জনসহ মোট ৩৫ জন অভিযুক্ত এবং সাক্ষীদের নাম প্রকাশ করা হয়। সভায় আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিরাও স্মৃতিচারণার পাশাপাশি শাহবাগ চত্বরের গণজাগরণের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রয়াত অভিযুক্ত ব্যক্তিদের পরিবারবর্গও অংশ নেন।প্রসঙ্গত, আগরতলা মামলা নামে পরিচিত এই মামলাটির প্রকৃত নাম ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য মামলা’।সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কর্নেল (অব.) শওকত আলী বলেন, ‘শাহবাগ চত্বর আমাকে অন্তত এই বার্তা দিয়েছে যে, তোমরা যা পারোনি, আমরা তা করব। মনে রাখতে হবে, আমরা আর ভুল করব না। নতুন প্রজন্ম আমাদের অতীতের ভুল সংশোধন করে সামনের দিকে নিয়ে যাবে।’আগরতলা মামলার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘আজ থেকে ৪৪ বছর আগে আজকের দিনে খুব ভোরে বঙ্গবন্ধু আমাদের ডেকে বলেছিলেন, তোমরা ওঠো, তোমরা মুক্ত। সেই স্মৃতি চিরদিন জাগ্রত থাকবে।’ তিনি বলেন, আগরতলা মামলায় শেখ মুজিবুর রহমানকে ফাঁসাতে গিয়ে আয়ুব খান নিজেই ফেঁসে গিয়েছিলেন। ডেপুটি স্পিকার অতীতের মতো আজও আগরতলা মামলাকে ’ষড়যন্ত্র বা মিথ্যা মামলা’ বলার প্রতিবাদ জানিয়ে বলেন, আজ বলতে হবে সত্য মামলা। তিনি পাঠ্যপুস্তকে আগরতলা মামলার বিকৃত তথ্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরতে হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে ফাঁসিয়ে দিয়ে মুক্তিকামী মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা হয়েছিল। আজ আবার একাত্তরের মতো নতুন প্রজন্ম জেগে উঠেছে। কিন্তু স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধীও সক্রিয়। একাত্তরে যেমন শহীদ মিনারকে উপড়ে ফেলা হয়েছিল, আজও তারা শহীদ মিনাররের ওপর আক্রমণ করছে। জয়বাংলা স্লোগানে জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো শক্তি নেই, যারা জাতির সামনে মাথা তোলার সাহস পাবে।সাংবাদিক আবেদ খান নতুন প্রজন্মের কাছে আগরতলা মামলার ইতিহাস তুলে ধরে তা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত কর্নেল (অব.) শামসুল আলম বলেন, ‘পচাত্তরের থেকে দেশে যে ইতিহাস বিকৃতি করা হয়েছে, নতুন প্রজন্ম তা ঘুচিয়ে দিতে চাচ্ছে। আমরা তাদের সঙ্গে আছি।’সভায় অন্যদের মধ্যে ভাষাসৈনিক এস ডি আহম্মেদ, আগরতলা মামলায় অভিযুক্ত মাহফুজুল বারী, ডেপুটি স্পিকারের স্ত্রী মাজেদা শওকত, মামলার অভিযুক্ত প্রয়াত এ এন এম নূরুজ্জামানের স্ত্রী দীল আফরোজ জামান, সার্জেন্ট জহুরুল হকের আত্মীয়া নাজনীন হক, কর্নেল খন্দকার নাজমুল হুদার স্ত্রী নীলুফার হুদা এবং ঐতিহাসিক আগরতলা মামলা মূল্যায়ন পরিষদের সভাপতি আবু আহাদ বক্তব্য দেন।