শাহবাগের আন্দোলনে ভিয়েনা ও মেলবোর্ন প্রবাসীদের সংহতি
কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন দেশে প্রবাসীরা কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন।অস্ট্রিয়া থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রিয়ার ভিয়েনায় প্রবাসীরা গত বৃহস্পতিবার শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত দাঁড়িয়ে তিন মিনিট নীরবতা কর্মসূচি পালন করেন। বিপুলসংখ্যক প্রবাসী ভিয়েনায় স্থানীয় সময় বেলা ১১টা থেকে ১১টা তিন মিনিট (বাংলাদেশ সময় বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট) পর্যন্ত দাঁড়িয়ে নীরবতা পালন করেন। কর্মসূচি পালন শেষে শাহবাগের আন্দোলনকারীদের অভিনন্দন এবং ওই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।তিন মিনিট নীরবতা পালন কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অস্ট্রিয়া শাখার সভাপতি এম নজরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়ার কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ফিরোজ প্রমুখ।মেলবোর্ন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়ার মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে প্রবাসীরা একত্র হয়ে একাত্তরের মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি মেলবোর্নপ্রবাসীরা স্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন করেন।এদিকে সুইডেন থেকে মোহাম্মদ মুকুল হোসেন জানান, শাহবাগের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কর্মসূচি পালন করেছেন সুইডেনের লুন্ড-মালমো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও স্থানীয় বাংলাদেশিরা। ১৪ ফেব্রুয়ারি মালমো শহরের গুস্তাভ স্কয়ারে ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থী ওই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে স্কয়ারে অবস্থান নেন। পরে মোমবাতি জ্বালিয়ে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।