শাহবাগের গণজাগরণে গানে গানে সংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবির আন্দোলনে গতকাল মঙ্গলবার দেশের সংগীত ও চলচিত্র শিল্পীরাও হাজির হয়েছিলেন। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে স্থাপন করা একটি মঞ্চে গানে গানে আন্দোলনের সঙ্গে সংহতি জানান। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক অনুষ্ঠান উদ্বোধন করেন। সহকারী সম্পাদক অরুণ বসু শাহবাগের গণজাগরণ নিয়ে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান। মঞ্চে চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল এবং নায়িকা বর্ষা শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের ওই অনুষ্ঠানে যোগ দেন। অনন্ত জলিলের তৈরি পোশাক কারখানার প্রায় ৫০০ শ্রমিকও তাদের সঙ্গে যোগ দেন। তাঁরা যুদ্ধাপরাধের ফাঁসির দাবির প্রতি সংহতি জানান। কয়েক হাজার দর্শক রাজু ভাস্কর্যের সামনে ওই প্রতিবাদী কর্মসূচিতে হাজির হন। তাঁরা গানের তালে তালে ওই প্রতিবাদের সঙ্গে সংহতি জানান। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় শিল্পীদের সংহতি জানানোর ওই অনুষ্ঠানে ব্যান্ড দলগুলোর মধ্যে জাগরণ, ওয়ারফেজ, চিরকুট, ধ্রুবতারা, মৃত্তিকা, দৃক, ম্যাকানিক ও শূন্য গান করে। একক শিল্পীদের মধ্যে ইমন সাহা, নিশীথা, কিশোর, কোনাল, শফিক তুহিন, পারভেজ, জয় শাহরিয়ার, মাহমুদ জুয়েল, সাজু, আতিক, লিজা ও শশী গান করেন। আনিসুল হক এ ব্যাপারে বলেন, সেই বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণ-আন্দোলন ও ৯২-এর জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে দেশের সাংস্কৃতিক কর্মীরা অংশ নিয়েছেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির এই আন্দোলনেও সাংস্কৃতিক কর্মীরা মাঠে নামলেন। সবার ঐক্যের মধ্য দিয়ে আন্দোলন সফল হবে বলেও তিনি আশা করেন।