শাহবাগের জন্য রসের পিঠা
রাজধানী ঢাকার শাহবাগে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দরিদ্র সাধারণ মানুষ। খেটে খাওয়া এই মানুষগুলো জীবিকার কারণে আন্দোলনের প্রথমভাগে অংশগ্রহণ করতে না পারলেও এবার তাঁরা শাহবাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীদের জন্য খেজুরের রসের পিঠা। দুই দিন ধরে পিঠা বানানোর আয়োজন চলছে। পিঠার আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আখতারুজ্জামান তালুকদার, জহুরুল ইসলাম, সবুজ মিয়া, আফাজ উদ্দিন ব্যাপারীসহ আরও অনেকে গতকাল জানান, প্রায় ৩০ হাজার টাকা চাঁদা তুলে চার মণ আতপ চালের পিঠা তৈরির কাজ চলছে। প্রায় চার হাজার পিঠা তৈরিতে আটজন নারীসহ অন্তত ২০ জন মানুষ সার্বক্ষণিক কাজ করছেন।আয়োজকেরা বলেন, বৃহস্পতিবার (আজ) ভোরে এই পিঠা নিয়ে তাঁরা ঢাকার শাহবাগের উদ্দেশ্যে রওনা হবেন। তাঁরা আরও বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আধুনিক বাংলার লাল সূর্য। সেসব মানুষকে স্যালুট জানাতে তাঁদের কয়েকজন পিঠা নিয়ে সেখানে হাজির হবেন।পিঠা পাঠানোর এই আয়োজনে অন্য সবার মতো এনায়েতপুরের কিশলয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর এক ছাত্রী (৬) চাঁদা দিয়েছে। সে মাটির ব্যাংকে জমানো দুই হাজার ৩০০ টাকা আর মায়ের কাছ থেকে ৭০০ টাকা নিয়ে মোট তিন হাজার টাকা আয়োজকদের হাতে তুলে দিয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।