শাহবাগের পদচারী-সেতুতে উঠলেই বিপদ

শাহবাগে নবনির্মিত পদচারী-সেতুতে ওঠা মানেই দুর্ভোগ। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিক থেকে উঠে জাদুঘরের প্রান্তে নামার পর বের হওয়ার আর রাস্তা নেই। কেউ একবার ওপরে উঠলেই তাকে অনেক অনেক পথ ঘুরে মূল সড়কে নামতে হবে। অথচ এই সেতু নির্মিত হয়েছে রাস্তা পারাপারে পথচারীদের দুর্ভোগ কমানোর জন্য।
সরেজমিনে দেখা গেছে, এ দুর্ভোগের মূল কারণ হচ্ছে ফুটপাতের ওপর একটি ঘর। অস্থায়ী ঘরটি নির্মাণ করেছিল সেতু নির্মাণের সঙ্গে জড়ি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা সেতুর কাজ শেষ করে চলে গেছে, কিন্তু ঘরটি সেভাবেই রেখে গেছে। এতে করে জাদুঘরের সামনের ফুটপাতটি অনেক দিন ধরেই বন্ধ রয়েছে।
পথচারীরা বলছেন, শাহবাগে পূবালী ব্যাংক ও জাদুঘরের সংযোগস্থলে নির্মিত পদচারী-সেতু দিয়ে মানুষের যাতায়াত কম। তারপরও যারা অন্তত একবার উঠেছে, তারা পারতপক্ষে এ পথ মাড়ায় না। যারা কাঁটাবন থেকে ফুটপাত দিয়ে জাদুঘর বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যেতে চায় বা জাদুঘরের সামনের ফুটপাত দিয়ে কাঁটাবনের দিকে যেতে চায়, তারাও এখানে এসে আটকে যায়। ঘরটি থাকায় দুই দিক থেকে যাতায়াতের সমস্যায় পড়ে পথচারীরা। বাধ্য হয়ে তাদের অনেকটা পথ ঘুরে যেতে হয়।
পদচারী-সেতুর ওপর কিছুক্ষণ থেকে দেখা গেছে, যারা জানে না, তারা এই ফুটপাতে নামতে গিয়ে রাস্তা বন্ধ দেখে কিছুটা ধাঁধায় পড়ে যায়। কোন দিক দিয়ে বের হবে, তাৎক্ষণিকভাবে তারা বুঝতে পারে না। এই পদচারী-সেতুর পূবালী ব্যাংকের পাশ দিয়ে ওঠেন মুন্সিগঞ্জ থেকে আসা আবদুল মোমিন। অসুস্থ এই ব্যক্তির সঙ্গে তাঁর দুই ছেলে ও স্ত্রীও ওঠেন। তাঁরা জাদুঘরের দিকে নেমে দেখেন আর বের হওয়ার রাস্তা নেই। এ অবস্থায় কী করবেন, তাঁরা বুঝতে পারছিলেন না। পরে আবার পদচারী-সেতুর পূবালী ব্যাংকের দিকে ফিরে যান তাঁরা। এভাবে অসুস্থ রোগীসহ ঝুঁকি নিয়েই রাস্তা পার হয়ে জাদুঘরের সামনে গিয়ে ঢাকা মেডিকেলে যাওয়ার রিকশায় ওঠেন। দুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে আবদুল মোমিন জড়ানো কণ্ঠে বলেন, ‘ব্রিজ থিকা যদি নামার রাস্তা বন্ধই থাকে, এই ওভারব্রিজের দরকারটা কী? এমনে কইরা আমাগো হয়রানি করার কোনো মানে হয়?’
এই প্রতিবেদকের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও এই পদচারী-সেতুতে উঠে বিপদে পড়েন। তাঁরা বাংলা একাডেমির দিকে যাওয়ার জন্য এই সেতুতে উঠলে এই অস্থায়ী ঘরটির কারণে বিপাকে পড়েন। পড়ে তাঁরাও সেতু থেকে নেমে রাস্তার ওপর দিয়েই গন্তব্যে যান।
আরেক পথচারী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী মো. শাকিল বলেন, তিনি শাহবাগের এই ফুটপাত দিয়ে একবারই উঠেছিলেন, আর কখনো ওঠেননি। কারণ জানতে চাইলে বলেন, ‘পূবালী ব্যাংকের দিক থেকে উঠলাম জাদুঘরের দিকে যাব বলে। কিন্তু উঠেই দেখি নামার রাস্তা বন্ধ। ফুটপাতের ওপর একটি ঘর থাকার কারণে ওভারব্রিজ থেকে নেমে আর বের হওয়ার কোনো পথ নেই। এরপর থেকে আর কখনো এটিতে উঠিনি।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষের নিরাপদে পারাপারের জন্যই তো ফুটওভারব্রিজ। কিন্তু মানুষকে যদি এটি দিয়ে পার না হয়ে রাস্তা দিয়েই পার হতে হয়, তাহলে আর এটির দরকার কী? অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য অস্থায়ী ঘরটি তুলে দিয়ে রাস্তা খুলে দেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় ব্যক্তিরা জানান, ফুটওভারব্রিজ তৈরির সরঞ্জাম রাখা ও শ্রমিকদের থাকার জন্যই ফুটপাতের ওপর একটি অস্থায়ী টিনের ঘর তৈরি করা হয়েছে। তিন-চার মাস ধরে পদচারী-সেতুর কাজ শেষ হলেও ঘরটি সেখানে রয়ে গেছে। দিনের বেলা এটি তালাবদ্ধ থাকে।
কাঁটাবন থেকে ফুটপাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন কাঁটাবনের বাসিন্দা দীপা রানী। তিনি জানান, এখানে ফুটপাতের ওপর একটি ঘর থাকার কারণে এই ফুটপাত দিয়ে সরাসরি জাদুঘরের সামনে দিয়ে যাওয়া যায় না। অনেকটা পথ ঘুরে রাস্তার ওপর দিয়ে চলতে হয়। ঘরটি না থাকলে এই সমস্যা আর হতো না।
মানুষের দুর্ভোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ খান বলেন, ওই পদচারী-সেতুর কাজ শেষ পর্যায়ে। ফুটপাতটি মানুষের যাতায়াতের জন্য শিগগিরই খুলে দেওয়া হবে।