শাহবাগের ফুটপাত থেকে দেড় শ ফুলের দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে দেড় শতাধিক ফুলের দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দোকানগুলো এই এলাকার ফুটপাত দখল করে গড়ে উঠেছিল।
গতকাল শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তবে ফুলের দোকানমালিকেরা অভিযানে বাধা সৃষ্টি না করে, স্বেচ্ছায় ফুল ও দোকানের জিনিসপত্র সরিয়ে নেন। এরপর করপোরেশনের বুলডোজার দিয়ে দোকানের অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ প্রথম আলোকে বলেন, শাহবাগে পথচারীদের চলাচলের জন্য নির্মিত ফুটপাত দখল করে ফুলের অবৈধ দোকানগুলো গড়ে উঠেছিল। এ জন্য দোকানগুলো ভেঙে দিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
সিটি করপোরেশনের এক কর্মকর্তা গতকাল জানান, ফুলের দোকানগুলো আগেও উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু কয়েক দিন যেতে না-যেতেই আবার এই অস্থায়ী দোকানগুলো গড়ে ওঠে। তবে এবার উচ্চ আদালতের একটি নির্দেশ আছে, এই এলাকার হাসপাতালের আশপাশের ফুটপাত দখলমুক্ত করা। তা ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের কারণেও সরকারের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার কথা বলা হয়েছে।