শাহবাগের বিকল্প সরকারের নির্দেশে এসব রায় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, শাহবাগে যারা আন্দোলন করছে, তারা তরুণ প্রজন্ম নয়। তারা আওয়ামী লীগের অনুসারী। সরকার নিজেদের পতন ঠেকাতে নতুন প্রজন্মের নামে এই নাটক করছে। আর শাহবাগের বিকল্প সরকারের নির্দেশে এসব রায় হচ্ছে। সমাবেশে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা কাল বুধবার চট্টগ্রামে ইমরান এইচ সরকারকে প্রতিহত করার ঘোষণা দেন। ওই দিন জামালখানের গণজাগরণ মঞ্চের সমাবেশে ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁরা জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তিও দাবি করেন।গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ দল চট্টগ্রামের নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নগর আমির সাংসদ আ ন ম শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।সমাবেশে আমীর খসরু বলেন, ‘চরম সংকটের মধ্যে রয়েছে দেশ। সরকার দেশের মানুষকে বিভক্ত করে রেখেছে। ক্ষমতায় ঠিকে থাকতে শাহবাগে কিছু মানুষকে টাকা-পয়সা দিয়ে বসিয়ে দিয়েছে। এই নতুন প্রজন্ম ছাত্রলীগের সন্ত্রাসী।’ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগরের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই রায় বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’ উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘সাঈদীর মতো আরও যাঁরা কারাগারে আছেন, তাঁদেরও হয়তো ফাঁসি দেবে সরকার। কিন্তু সাবধান, আপনারা পালিয়ে যেতে পারবেন না।’ সমাবেশে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জামায়াত নেতা সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীও বক্তব্য দেন। সমাবেশে বিএনপির সাবেক সাংসদ রোজী কবির, সাবেক হুইফ ওয়াহিদুল আলম, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, নেজামে ইসলামের নেতা আবদুর রহমান, ইসলামী ঐক্যজোট নেতা মঈনুদ্দিন রুহী, খেলাফত মজলিসের খোরশেদ আলম প্রমুখ বক্তব্য দেন।