শাহবাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করল ত্রিপুরাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার অধিবাসীরা।এ আন্দোলনে সংহতি জানাতে গতকাল বুধবার বেলা ১১টা থেকে আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় জড়ো হন ত্রিপুরার কয়েক হাজার মানুষ। আখাউড়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। বেলা সাড়ে ১১টায় আগরতলার রামনগর এলাকার বিধায়ক সুরজির‌্যা দত্ত মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর শাহবাগের আন্দোলন নিয়ে পশ্চিম বাংলার ব্যান্ড দল দোহারের ‘আজ আমাদের প্রেম—আমাদের গান শাহবাগ, শাহবাগ’ গানটি রেকর্ডারে বাজিয়ে শোনানো হয়। সীমান্তের গণজাগরণ মঞ্চে কবিতা আবৃত্তি, গান আর আলোচনার মাধ্যমে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান দুই পারের বাংলাভাষী মানুষ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরার সাংস্কৃতিক সংগঠন সুর ঝরনা, বিশ্ববীণা ও রবিসুধা এবং শিল্পী শিবপ্রসাদ ধর, দীপক সাহা, অর্পণা চৌধুরী গান পরিবেশন করেন। দক্ষিণী ও কবিতালোক আবৃত্তি করে কবিতা। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন, আখাউড়ার স্বাধীনতা প্রজন্ম মঞ্চ ও সীমান্ত সাংস্কৃতিক পরিষদের আবৃত্তিকার ও শিল্পীরা আবৃত্তি ও গান করেন। আলোচনা করেন আগরতলার বিধায়ক পবিত্র কর, বাংলাদেশের নওগাঁ-২ আসনের সাংসদ ফরিদুজ্জামান সরকার, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌরসভার মেয়র তাকজিল খলিফা, স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন, বিশ্বজির‌্যা পাল প্রমুখ। জাগরণ মঞ্চের আয়োজনে ছিল ত্রিপুরা থেকে প্রকাশিত বাংলা দৈনিক আজকের ফরিয়াদ ও প্রাইম ফোকাস পরিবার, আখাউড়ার স্বাধীনতা প্রজন্ম মঞ্চ, আখাউড়া প্রেসক্লাব, তিতাস আবৃত্তি পরিষদ ও সীমান্ত সাংস্কৃতিক পরিষদ। বেলা দুইটার দিকে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া ও ত্রিপুরার বাসিন্দারা আখাউড়া সীমান্তের শূন্য রেখায় অস্থায়ী শহীদ মিনার বসিয়ে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। গত বছর থেকে এভাবে শ্রদ্ধা জানানোর রীতি চালু হয়েছে। ত্রিপুরার তথ্য ও সাংস্কৃতিক দপ্তর এবং আখাউড়া উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করেছে।বাংলাদেশ সময় সকাল নয়টায় সীমান্তের শূন্য রেখার অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। দ্বিতীয় পর্বে থাকবে ত্রিপুরার সাংস্কৃতিক দলের পরিবেশনা।