শাহবাগের সেই ঘরটি উচ্ছেদ

শাহবাগে নবনির্মিত পদচারী-সেতুতে ওঠা-নামার পথে থাকা সেই ঘরটি গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিক থেকে উঠে জাদুঘরের প্রান্তে নামার পথে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই।

গতকাল প্রথম আলোতে ‘শাহবাগে পদচারী-সেতুতে উঠলেই বিপদ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপানো হয়। ডিএসসিসির জনসংযোগ দপ্তর সূত্র জানায়, পদচারী-সেতুটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে আছে। অস্থায়ী এই ঘরটি নির্মাণ করেছিল সেতু নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে করে জাদুঘরের সামনের ফুটপাতটি অনেক দিন ধরেই বন্ধ ছিল। এ ছাড়া আগে কেউ একবার ওপরে উঠলেই তাকে অনেক পথ ঘুরে মূল সড়কে নামতে হতো। গতকাল প্রথম আলোতে ওই সংবাদটি প্রকাশের পর ডিএসসিসির কর্মীরা ফুটপাতে থাকা ঘরটি উচ্ছেদ করেন। এখন পথচারীদের চলাচলে আর কোনো বাধা নেই।