শাহরাস্তি থানার এএসআইকে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেনকে গণধোলাই দিয়ে পার্শ্ববর্তী হাজীগঞ্জ থানার পুলিশে সোপর্দ করেছেন জনতা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা এলজিইডি কার্যালয়ের কার্যসহকারী মো. মজিবুর রহমানকে বিনা কারণে আটক ও মারধর করেন দেলোয়ার হোসেন। একপর্যায়ে উত্তেজিত জনতা দেলোয়ারকে গণধোলাই দেন। গতকাল রাতেই তাঁকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

ঘটনার শিকার মজিবুর প্রথম আলোকে জানান, উপজেলার হাড়িয়াইন আড়ং বাজারে একটি সেতুর ঢালাই কাজ শেষ করে মোটরসাইকেলে করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হাজীগঞ্জ বাজারে যান। বাজার সেতুর পশ্চিম পাশে সাদাপোশাকে থাকা দেলোয়ার হোসেন মোটরসাইকেল থামিয়ে তাঁকে হাতকড়া পরান। এরপর ‘তুই সন্ত্রাসী করিম, তোর জন্য আমার চাকরি যাচ্ছে, তোকে আমি খুঁজছি, আজ তোকে দেখে নেব’ বলতে বলতে বেধড়ক মারধর করে তাঁকে বাজারের বিসমিল্লাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে নিয়ে যান। তাঁকে এভাবে মারধরের খবর পেয়ে উপস্থিত জনতা দেলোয়ারকে মারধর করেন। একপর্যায়ে দেলোয়ার আত্মরক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারের বাথরুমে আশ্রয় নেন। পরে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী এএসআই দেলোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে যান। বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের মালিক তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম প্রথম আলোকে জানান, ‘এএসআই দেলোয়ার আমার থানা এলাকায় অনুমতি ছাড়াই এসে গণ্ডগোল পাকিয়েছেন। এ অভিযান সম্পর্কে আমাদের অবহিত করা হয়নি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত সপ্তাহে শাহরাস্তিতে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর দেলোয়ার ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় পত্রিকায় লেখালেখি হয়েছে। এ কারণে পুলিশ সুপার তাঁকে বান্দরবানে বদলি করেছেন।

শাহরাস্তি থানার ওসি মো. মোজাম্মেল হক মামুন প্রথম আলোকে বলেন, দেলোয়ারের বিরুদ্ধে মাদক বিক্রিসহ মাদক ব্যবসায়ী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন।

হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আশ্রাফ জামিল বলেন, ‘ঘটনার শিকার মজিবুর রহমান বিষয়টি আমাকে জানিয়েছেন। পুলিশ প্রশাসন ওই এএসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা কোনো অভিযোগ করিনি।’

এএসআই দেলোয়ারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।