শাহরাস্তিতে ছয়টি কেন্দ্রে গন্ডগোল ১০ জন আহত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩৭টি কেন্দ্রের মধ্যে ৬টিতে গোলযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে কেন্দ্রগুলোতে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোলযোগ হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মেহের উত্তর ইউপির দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াচোঁ জেবি উচ্চবিদ্যালয় ও কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা। এই তিন কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে সংঘর্ষে অন্তত আটজন আহত হন। সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের গুলি ব্যবহার করে।
এ ছাড়া টামটা উত্তর ইউপির পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলেও কেউ হতাহত হয়নি। তবে টামটা দক্ষিণ ইউপির ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হন। আর একই ইউপির আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে। এ সংঘর্ষে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।