শাহরাস্তিতে জমি বিরোধে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে জমি-সংক্রান্ত বিরোধে মো. আনোয়ার হোসেন (৩২) নামের একজন খুন হয়েছেন। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘাতকসহ তিনজনকে আটক করেছে।গত বুধবার উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামের হাতার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিবার, এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বসুপাড়া গ্রামের হাতার বাড়ির মৃত আবদুর রবের ছেলে মো. আনোয়ার হোসেনের সঙ্গে একই বাড়ির প্রতিবেশী আবদুর রশিদের ছেলে কামাল হোসেন গংদের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে।এ নিয়ে গত বুধবার বেলা দুইটায় তাঁদের মধ্যে সীমানার খুঁটি নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আবদুর রশিদের ছেলে কামাল হোসেন লাঠি দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটে পড়েন। আনোয়ারের চাচা হামিদ মিয়া ও চাচি রিনা বেগমকেও কামাল আঘাত করেন।পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় রাত নয়টায় আনোয়ার মারা যান।এ খবর পেয়ে রাত ১০টায় শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ভুইয়া ঘটনাস্থলে গিয়ে কামালের বাবা আবদুর রশিদ (৫৫) ও তাঁর ভাই জসিম উদ্দিনকে (২৩) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।এদিকে গত বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক কামাল হোসেনকে কুমিল্লার লাকসাম রেলওয়ে পুলিশ লাকসাম স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানার পুলিশের কাছে সোপর্দ করে। নিহত আনোয়ারের স্ত্রী মরিয়ম বেগম ঘাতক কামাল হোসেন, বাবা আবদুর রশিদ, ভাই জসিম উদ্দিন ও মা ছালেহা বেগমকে আসামি করে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল বৃহস্পতিবার আসামিদের চাঁদপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।