শাহরাস্তিতে জাল টাকাসহ বিমা কর্মকর্তা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে জাল টাকাসহ গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমানকে (৩৮) আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক স্টেশন বাজার এলাকায় তাঁকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শাহরাস্তি পৌর শহরের কালীবাড়িতে অবস্থিত গোল্ডেন লাইন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমান মঙ্গলবার রাত সাড়ে আটটায় উয়ারুক স্টেশন বাজারে শামিম হোসেনের মনিহারি দোকান থেকে কিছু পণ্য ক্রয় করেন। তিনি সেখানে এক হাজার টাকার একটি নোট দিলে দোকানির সন্দেহ হয়। দোকানি ও বাজারের অন্য লোকজন যাচাই করে নোটটি জাল বলে শনাক্ত করে। তারা ক্রেতা মিজানুরকে আটক করে ধোলাই দেয়। ওই সময় তাঁর কাছ থেকে এক হাজার টাকার দুটি ও ১০০ টাকার দুটি জাল নোট উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। শাহরাস্তি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ ও উপপরিদর্শক (এসআই) জাফর আলী পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ মিজানুরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা হয়েছে।