শাহরাস্তিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, ১০ জন আক্রান্ত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চিতোষী পশ্চিম ইউনিয়নের নুনিয়া গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত পাঁচ দিনে সেখানে ১০ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মতলব আইসিডিডিআরবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী জানায়, ৩ এপ্রিল থেকে ডায়রিয়ায় প্রাদুর্ভাব দেখা দেয়। গতকাল বিকেল পর্যন্ত প্রায় ১০ জন আক্রান্ত হয়েছে। গুরুতর আক্রান্ত ব্যক্তিরা হলেন আবুল কালাম, আবুল কাশেম, মাকসুদা, শারমিন আক্তার, ফুলবানু বেগম ও রীতা আক্তার।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার অধিকারী জানান, পরিস্থিতি সামাল দিতে সহকারী স্বাস্থ্য পরিদর্শক গুপীনাথ সাহাকে প্রধান করে গত বৃহস্পতিবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। ওরস্যালাইন, খাবার পানি, মেট্রোনিডাজল ও টেট্রাসাইক্লিনসহ বিভিন্ন বড়ি সেখানে পাঠানো হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের বাড়ি থেকে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।