শাহরাস্তিতে ধূমপানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ধূমপানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে পৌর কাউন্সিলর মিজানুর রহমান (৪০) ও সিএনজিচালিত অটোরিকশার চালক ইসমাইল হোসেনকে (৩০) শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মেহের ডিগ্রি কলেজে গত মঙ্গলবার গোলাম মুর্তুজা নামে এক ছাত্র ধূমপান করছিল। এ সময় কলেজছাত্র মনির হোসেন ও তার বন্ধুরা তাকে ধূমপানে বাধা দেয়। এতে মুর্তুজা ও মনির হোসেনসহ অন্য ছাত্রদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে গতকাল দুপুরে গোলাম মুর্তুজা ও তার কয়েকজন বহিরাগত বন্ধু মনিরসহ অন্য ছাত্রদের ওপর হামলা করে। এতে ১০ জন আহত হয়। এ ঘটনার জের ধরে কলেজের ছাত্ররা প্রায় দুই ঘণ্টা উপজেলা সড়ক অবরোধ করে রাখে। এ সময় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।