শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো রাগৈ গ্রামের ইব্রাহিম মোল্লার স্ত্রী সালেহা বেগম (৪০) ও তাঁর ছেলে আল আমিন (১৫)। এতে ইব্রাহিম মোল্লাও গুরুতর আহত হন। তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইব্রাহিম মোল্লা গত রোববার প্রতিবেশী আবদুল মতিন সর্দারের বায়ুগ্যাসচালিত বিদ্যুৎ প্ল্যান্ট থেকে বাড়িতে বিদ্যুৎ-সংযোগ নেন। পানি তোলার জন্য তিনি বৃহস্পতিবার একটি পানির পাম্প কেনেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আল আমিন পানির পাম্প চালানোর জন্য মেইন সুইচ থেকে সংযোগ দেওয়ার চেষ্টা করে। এ সময় আল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। আল আমিনকে বাঁচাতে এসে তাঁর স্ত্রী সালেহা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ইব্রাহিম মোল্লা এসে তাঁদের রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
খবর পেয়ে প্রতিবেশীরা এসে বিদ্যুৎ লাইন বন্ধ করে। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালেহা বেগম ও আল আমিনকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিম মোল্লা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক। ছেলে আল আমিন রাগৈ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। গতকাল শুক্রবার সকালে সালেহা বেগম ও আল আমিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে বিষয়টি জানার জন্য আমরা এলাকায় গিয়েছি। কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’