শাহরাস্তিতে বিরল প্রজাতির হনুমান
চাঁদপুরের শাহরাস্তিতে বিরল প্রজাতির একটি হনুমান দেখা গেছে। কয়েক দিন ধরে উপজেলা সদরের নিজমেহার এলাকায় এটি দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার সকালে হনুমানটি উপজেলা পরিষদ কার্যালয়ের পাশের একটি বাড়িতে দেখা যায়। একটি গাছের ঢালে অবস্থান নেওয়া হনুমানটি দেখতে ভিড় করে উৎসুক জনতা। স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার চট্টগ্রাম থেকে শাহরাস্তিতে আসা কলাভর্তি একটি ট্রাকে হনুমানটির দেখা মেলে। খাদ্যের সন্ধানে এটি ট্রাকে চড়ে বসে বলে তাঁরা ধারণা করছেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ জানান, এটি দৃষ্টিনন্দন নিরীহ প্রাণী। বিভিন্ন স্থানে বন উজাড় হওয়ায় খাদ্যের সন্ধানে প্রাণীগুলো লোকালয়ে চলে আসে। হনুমানটি সুস্থ অবস্থায় ধরতে পারলে ঢাকা চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হবে। হনুমানটির বিষয়ে তাঁর দপ্তর সার্বক্ষণিক খোঁজ রাখার চেষ্টা করছে। কেউ এটিকে আঘাত বা হত্যা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে বন্য প্রাণী আইনে ব্যবস্থা নেওয়া হবে।