শাহরাস্তিতে সওজের জায়গা দখল করে দোকানঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকার কারিয়াপাড়া বাজারে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে নির্মাণাধীন দোকানঘর l ছবি: প্রথম আলো
চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকার কারিয়াপাড়া বাজারে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে নির্মাণাধীন দোকানঘর l ছবি: প্রথম আলো

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজার এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় ১৬টি দোকানঘর নির্মাণ করেছে পৌর কর্তৃপক্ষ। কিছুদিন আগে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে এসব দোকানঘর নির্মাণ করা হয়।

সওজের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত প্রথম আলোকে বলেন, পৌরসভার কোনো অনুমতি না নিয়ে দোকানগুলো নির্মাণ করেছে। ইতিমধ্যে দোকানগুলো ভেঙে ফেলার জন্য পৌরসভাকে নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহরাস্তি পৌরসভার মেয়র আবদুল লতিফ বলেন, ‘স্থানীয় খুচরা ব্যবসায়ীরা জায়গাটি দখল করে ব্যবসা করছে। আমরা শুধু দেয়াল তৈরি করে ভালোভাবে ব্যবসা করার ব্যবস্থা করে দিয়েছি।’ নোটিশ পাওয়ার পরেও দোকানগুলো না ভাঙার কারণ জানতে চাইলে, তিনি দাবি করেন, সওজের জায়গা সবখানেই বেদখল হয়ে আছে। সড়ক প্রশস্ত হলে এমনিতেই দোকানগুলো ভেঙে ফেলা হবে।

লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬টি দোকান নির্মাণের জন্য পৌরসভার পক্ষ থেকে ৬-৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে। পৌর মেয়রের এক আত্মীয় দোকানগুলো নির্মাণের কাজ দেখভাল করেন। মাসিক ২ হাজার টাকা ভাড়া ও অগ্রিম ২০ হাজার টাকা করে নিয়ে দোকানগুলো স্থানীয় ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, আগে এখানে ছোট ব্যবসায়ীরা টং দোকান তুলে ব্যবসা চালাতেন। তাঁরা এখন ২০ হাজার টাকা এককালীন ও মাসিক ২ হাজার টাকা ভাড়ায় পৌরসভার কাছ থেকে দোকানগুলো ভাড়া নিয়েছেন। ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, জায়গাটি মূলত সওজের।

সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আহমেদ মজুমদার বলেন, ‘আগে খুচরা ব্যবসায়ীরা আমাদের সীমানাপ্রাচীর ব্যবহার করে টং দোকান চালাতেন। আমরা মাসে দুই থেকে তিন শ টাকা করে তাঁদের কাছ থেকে ভাড়া পেতাম। পৌর কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করে দোকানগুলো তৈরি করেছেন।’