শাহরাস্তিতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজার এলাকায় বিএনপির দুই পক্ষ গতকাল শুক্রবার একই সময়ে সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ বলেন, দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ঠাকুরবাজার ও আশপাশের এলাকায় গতকাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়।
বিএনপির নেতা সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম গত বৃহস্পতিবার স্থগিত করেন আদালত। এরপর দুই পক্ষ গতকাল সকাল ১০টায় ঠাকুরবাজার এলাকায় পাল্টাপাল্টি সভা ডাকে।
উপজেলা বিএনপি ও জেলা জজ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মোল্লা ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানের দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ সহকারী জজ রোকেয়া আক্তার উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
আইনজীবী দীপক চন্দ্র দেবনাথ বলেন, আদালত বিবাদীপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে আহ্বায়ক কমিটি গঠনের কারণ দর্শাতে নোটিশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভা, সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছেন।
বিবাদীরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সলিম উল্ল্যাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আকতার হোসেন পাটওয়ারী, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন চৌধুরী।
উপজেলা বিএনপির আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘আমাদের জেলা নেতারা সাংগঠনিক নিয়মে আদালতে জবাব দাখিল করবেন।’