শাহরাস্তির এএসআইকে হাজীগঞ্জে গণধোলাই
চাঁদপুরের শাহরাস্তি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে গত শুক্রবার রাত আটটার দিকে হাজীগঞ্জ বাজারে ধোলাই দিয়েছে ক্ষুব্ধ জনতা। এ ঘটনার পর জেলা পুলিশ সুপার তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার এবং বান্দরবানে বদলি করেছেন।
হাজীগঞ্জ থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় দেলোয়ার হোসেন হাজীগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয়ের কার্য সহকারী মজিবুর রহমানকে বিনা কারণে আটক ও মারধর করেন।
মজিবুর রহমান জানান, উপজেলার হাড়িয়াইন আড়ং বাজারে একটি সেতুর ঢালাই কাজ শেষে মোটরসাইকেলে করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হাজীগঞ্জ বাজারে আসেন। বাজার সেতুর পশ্চিম পাশে সাধারণ পোশাকে দেলোয়ার হোসেন তাঁর মোটরসাইকেলটি থামিয়ে তাঁকে পিস্তল ঠেকিয়ে হাতকড়া পরান। এরপর ‘তুই সন্ত্রাসী করিম, তোর জন্য আমার চাকরি যাচ্ছে, তোকে আমি খুঁজছি, আজ তোকে দেখে নেব’ বলে তাঁকে বেধড়ক মারধর করেন। তাঁকে টেনেহিঁচড়ে বাজারের বিসমিল্লাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে নিয়ে যান। তাঁকে এভাবে মারধর করতে দেখে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হন এবং একপর্যায়ে দেলোয়ারকে ধরে মারধর করেন। পরে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন চৌধুরী এএসআই দেলোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, ‘এএসআই দেলোয়ার আমার থানা এলাকায় অনুমতি ছাড়াই এসে গন্ডগোল পাকিয়েছেন। অভিযান সম্পর্কে আমাদের জানানো হয়নি।’
শাহরাস্তি থানার ওসি মোজামেঞ্চল হক জানান, এ ঘটনার পর পুলিশ সুপার এএসআই দেলোয়ারকে শুক্রবার রাতেই পুলিশ লাইনে প্রত্যাহার এবং ওই রাতেই তাঁকে বান্দরবানে বদলি করেছেন। দেলোয়ারের বিরুদ্ধে মাদক বিক্রিসহ মাদক ব্যবসায়ী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। বিশেষ করে হাজীগঞ্জে চাকরির সময় তাঁর সঙ্গে এঁদের সখ্য হয়।
এ ব্যাপারে জানতে একাধিকবার চেষ্টা করেও এএসআই দেলোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।