চাঁদপুরের শাহরাস্তিতে ৪ জুন অনুষ্ঠিত চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থীরা সমানসংখ্যক ইউপিতে জয়ী হয়েছেন। তবে চারটি ইউপিতেই বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ঘোষিত ফলাফল সিট ঘেঁটে দেখা গেছে, মেহের উত্তর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. মনির হোসেন, মেহের দক্ষিণ ইউপিতে দলের বিদ্রোহী প্রার্থী সফি আহমেদ মিন্টু, টামটা উত্তর ইউপিতে দলের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক দরজি ও টামটা দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল আলম মানিক জয়ী হয়েছেন।
টামটা উত্তর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক দরজি ৬ হাজার ৯৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবির মজুমদার পেয়েছেন ৪ হাজার ৪৮০ ভোট। টামটা দক্ষিণ দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল আলম মানিক ৫ হাজার ২৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক পাটওয়ারী পেয়েছেন ৩ হাজার ৯৯৮ ভোট।
মেহের দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফি আহমেদ মিন্টু ১ হাজার ৮২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. রুহুল আমিন পেয়েছেন ৯৯১ ভোট। মেহের উত্তর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. মনির হোসেন ২ হাজার ৯৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম রনি ১ হাজার ৭৪২ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাদ পারভীন বলেন, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে চারটি ইউপির মধ্যে আওয়ামী লীগ দুটি ও আওয়ামী লীগের বিদ্রোহীরা দুটি ইউপিতে জয় পেয়েছেন। এ নিয়ে শাহরাস্তির মোট ১০ ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ তিনটি, আওয়ামী লীগের বিদ্রোহীরা দুটি, বিএনপি একটি ও বিএনপির বিদ্রোহীরা দুটিতে জয় পেয়েছেন। দুটি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।