শাহরাস্তির ৩৩ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ কারণে এসব বিদ্যালয়ে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলায় নতুন জাতীয়করণ করা ২৫টি বিদ্যালয়সহ মোট ৯৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পুরোনো বিদ্যালয়গুলোর মধ্যে ২২টি এবং সদ্য জাতীয়করণকৃত বিদ্যালয়গুলোর মধ্যে ১১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা চাকরির মেয়াদ শেষে অবসরে গেছেন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রায় সময় দাপ্তরিক কাজের জন্য তাঁদের উপজেলায় যেতে হয়। তখন শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পাঠদান বন্ধ রেখে বিদ্যালয়ের কাজের জন্য ছোটাছুটি করতে হয়।
নিজ মেহের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকলে দাপ্তরিক কাজে সবচেয়ে বেশি সমস্যা হয়। সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম চলে। এ কার্যক্রম জুন পর্যন্ত বর্ধিত করলে বিভিন্ন বিদ্যালয়ে পাঠদানের সমস্যা কাটানো যায়।
সম্প্রতি চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভট্টাচার্য অনুপস্থিত রয়েছেন। দুজন শিক্ষক বিদ্যালয়ের কার্যক্রম চালাচ্ছেন। পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল হক জানান, ছয়জন শিক্ষকের মধ্যে তিনজন কর্মরত আছেন। তিনটি পদ শূন্য। একজন শিক্ষিকা কিছুদিন পর মাতৃত্বকালীন ছুটিতে যাবেন। বিদ্যালয়ে ১৭৫ জন ছাত্রছাত্রী আছে। শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে এলাকাবাসীর অর্থায়নে একজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
৩৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না।
সিরাজুল ইসলাম আরও বলেন, প্রধান শিক্ষকের শূন্যপদে এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পূরণ করা হয়। মূলত এ কারণে প্রধান শিক্ষক নিয়োগ ঝুলে আছে। তবে বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে পুলভুক্ত শিক্ষক নিয়োগ দেওয়ায় পাঠদানের সমস্যা অনেকটা কেটে গেছে।