শাহরিয়ারের মৃত্যু আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার মজুমদার
শাহরিয়ার মজুমদার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী মোহাম্মদ শাহরিয়ার মজুমদারের (২৪) মৃত্যুকে ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্তের প্রতিবেদন গত শনিবার রাতে সিলেট কোতোয়ালি থানায় পাঠানো হয়।
যোগাযোগ করলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের হাতে আসার সত্যতা নিশ্চিত করেছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আলামত দেখে এ বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে চিহ্নিত করেছিল। ময়নাতদন্ত প্রতিবেদনেও আত্মহত্যা বলে উল্লেখ করায় এ নিয়ে আর বিতর্কের কিছু থাকল না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।’
৩ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে শাহরিয়ারের মরদেহ সিলেট নগরের সুরমা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৫৪ (রেনেসাঁ) নম্বর বাসা থেকে উদ্ধার করা হয়।
শাহরিয়ারের মরদেহ যে কক্ষে পাওয়া যায়, সেখানে তাঁর ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটারটি খোলা ছিল (অন), মুঠোফোন চার্জে লাগানো ছিল। প্রায় চার ফুট উচ্চতার জানালার গ্রিলে গলায় একটি বেল্ট বাঁধা অবস্থায় দেখে মেসে থাকা শাহরিয়ারের সহকর্মীরা পুলিশে খবর দেন। এ অবস্থায় ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু—এ নিয়ে প্রশ্ন উঠেছিল।
চট্টগ্রাম শহরের এ কে খান মোড়ের কর্নেল হাটের বাসিন্দা শাহরিয়ার। তিন ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষে পড়াশোনার পাশাপাশি তিনি সিলেটে গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ঘটনাটি আত্মহত্যা বলে জানালেও শাহরিয়ারের মৃত্যু রহস্য উদ্ঘাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছিলেন।