শাহরিয়ারের মৃত্যু রহস্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী মোহাম্মদ শাহরিয়ার মজুমদারের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রহস্য উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তাঁর সহপাঠীরা।
গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপত্য বিভাগ ও বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের শোক র্যা লি ও সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান।
গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শাহরিয়ারের মরদেহ সিলেট নগরের সুরমা আবাসিক এলাকার একটি মেস থেকে উদ্ধার করা হয়। শাহরিয়ারের মরদেহ যে কক্ষে পাওয়া গেছে, সেখানে তাঁর ব্যবহৃত ল্যাপটপ খোলা ছিল (অন), মুঠোফোন চার্জে লাগানো ছিল। প্রায় ৪ ফুট উচ্চতার জানালার গ্রিলে গলায় একটি বেল্ট বাঁধা অবস্থায় দেখে মেসে থাকা শাহরিয়ারের সহকর্মীরা পুলিশে খবর দেন।

চট্টগ্রাম শহরের এ কে খান মোড়ের কর্নেল হাটে শাহরিয়ারদের বাসা। তিন ভাই, এক বোনের পরিবারে তিনি ছিলেন সবার ছোট। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে পড়ার পাশাপাশি শাহরিয়ার সিলেটে গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
গতকাল বেলা ১১টায় শাহরিয়ার মজুমদার স্মরণে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ ক্যাম্পাসে শোক র্যা লি বের করে। র্যা লিটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্থাপত্য ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া, ছাত্র উপদেশ ওনির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার সমাবেশে বক্তব্য দেন।
দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আরেকটি শোক র্যা লি বের করে মুক্তমঞ্চে স্মরণসভায় মিলিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক গিয়াস বাবুর সঞ্চালনায় স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেন, সাবেক প্রক্টর হিমাদ্রী শেখর রায়সহ শিক্ষার্থী শাকিল আকবর ও সুদীপ্ত বিশ্বাস বক্তব্য দেন।