জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শাহরিয়ার কবিরকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। গতকাল রোববার তাঁকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামির কাঠগড়ায় মুজাহিদের উপস্থিতিতে এই জেরা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির গত ২৬ আগস্ট জবানবন্দি দেন।গতকাল কার্যক্রমের শুরুতে শাহরিয়ার কবির ট্রাইব্যুনালকে বলেন, ট্রাইব্যুনালের লিখিত তথ্যাবলি ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেরায় আসামিপক্ষের আইনজীবী তাঁদের একটি বক্তব্য দিয়ে সত্য, না মিথ্যা বলতে বলবেন, এটি গ্রহণযোগ্য নয়। আইনজীবীর এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য আছে। কিন্তু সাক্ষীর বক্তব্য তাঁর মুখের ভাষায় লেখা উচিত। এ ক্ষেত্রে বানান ও ভাষাগত সমস্যা থাকলে তাও গুরুত্ব দিয়ে দেখতে হবে। এ ক্ষেত্রে তিনি নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ দেন।এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, ট্রাইব্যুনালে সাক্ষী যেভাবে বলেন, সেভাবেই লেখা উচিত। এ ক্ষেত্রে প্রশ্ন ও উত্তর পৃথকভাবে লেখা যেতে পারে।ট্রাইব্যুনাল বলেন, সাক্ষী যা চাইছেন তা সময়সাপেক্ষ। তবে প্রশ্নের গুরুত্ব অনুসারে প্রশ্নোত্তর আকারে সংরক্ষণ করা যেতে পারে।এরপর জেরা শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী জেরার বেশির ভাগ সময় শাহরিয়ার কবিরের তদন্ত কর্মকর্তাকে দেওয়া জবানবন্দির সঙ্গে ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দির অসংগতি পরীক্ষা করেন।মিজানুল ইসলাম বলেন, ১৯৪৭ সালে পাকিস্তানের সংবিধান তৈরির জন্য ৬৯ সদস্যবিশিষ্ট গণপরিষদ গঠিত হয়, যার সব সদস্য ছিলেন ১৯৪৬ সালে নির্বাচিত প্রতিনিধি। পরে সদস্যসংখ্যা আরও ১০ জন বাড়ানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই গণপরিষদের সদস্য ছিলেন না। এটি কি ঠিক? জবাবে সাক্ষী বলেন, হ্যাঁ। আইনজীবী বলেন, ১৯৫৬ সালের গণপরিষদ পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করে, সেখানে বঙ্গবন্ধু সদস্য ছিলেন। সাক্ষী এ বক্তব্য সমর্থন করেন।দুপুরে অসমাপ্ত অবস্থায় জেরা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।