শাহরিয়ার রশিদের মেয়েসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত কর্নেল শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানসহ (২৮) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।পুলিশের দাবি, গতকাল শনিবার ভোর পৌনে চারটায় শেহনাজের বাসা থেকে এঁদেরকে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ধানমন্ডি থানা হাজতে শেহনাজ নিজেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা দাবি করে সাংবাদিকদের বলেন, তাঁদেরকে শুক্রবার রাত নয়টায় গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত নয়টার দিকে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যেতে তিনি ভাশুর তায়েবকে খবর দেন। তায়েব তাঁর বন্ধু মাহবুবকে নিয়ে ওই বাসায় যান। এর কিছুক্ষণ পর পুলিশ তাঁর বাসায় ঢুকে। তখন পুলিশের সঙ্গে তৌহিদুল ইসলাম ওরফে জিতুও ছিল, যাকে বাসার নিচ থেকে পুলিশ ধরেছিল।শেহনাজ দাবি করেন, তাঁর স্বামী লালমাটিয়ার একটি কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক। তিনি তখন সেখানে ব্যস্ত ছিলেন। তাই ভাশুরকে খবর দিয়েছিলেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ফয়সাল নামে ধর্ষণ মামলার এক আসামি ধরতে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোরে পুলিশ ধানমন্ডির একটি বাসায় অভিযান চালায়। তখন ওই বাসায় ইয়াবা সেবনরত অবস্থায় শেহনাজ রশিদ খান, তাঁর ভাশুর তায়েব জামান (৩৭), মাহাবুব হোসেন (২৮) ও তৌহিদুল ইসলাম ওরফে জিতুকে (২৮) গ্রেপ্তার করা হয়। পরে বাসা তল্লাশি করে আলমারি থেকে ১২টি ইয়াবা বড়ি ও ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ ফয়সালকে ওই বাসায় পায়নি। শেহনাজ স্বামী ফুয়াদ জামান ও দুই সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। ওসি দাবি করেন, ‘পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, তাঁরা স্বামী-স্ত্রী দুজনই ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী। আর শেহনাজের ভাশুর তায়েব ওই বাসায় ইয়াবার খদ্দেরদের নিয়ে আসেন।’ তিনি বলেন, অভিযানের সময় শেহনাজের স্বামী বাসায় ছিলেন না। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল থানা হাজতে শেহনাজ নিজেকে স্থপতি পরিচয় দিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমার বাবাকে হেয় করতে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। ইয়াবা সেবন ও ব্যবসার ঘটনা সাজানো।’ অবশ্য পরে থানার ওসির কক্ষে আনা হলে পুলিশের উপস্থিতিতে শেহনাজ সাংবাদিকদের কাছে বলেন, তাঁর স্বামী ইয়াবা সেবন করলেও তিনি করেন না। তাঁরা ইয়াবার ব্যবসাও করেন না। শেহনাজের ভাশুর তায়েব জামান বলেন, তিনি পাথরের ব্যবসা করেন। মাহবুব তাঁর ব্যবসায়িক বন্ধু। শেহনাজকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি মাহাবুবকে নিয়ে ওই বাসায় গিয়েছিলেন।